ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে গ্রিসের অর্থনীতি
আজকের নির্বাচনে যা-ই হোক না কেন, গ্রিস যে দ্রুতই বিচ্ছিন্ন অর্থনীতি হয়ে পড়ছে, তা এখন সুস্পষ্ট।বিখ্যাত ফরাসি সুপার মার্কেট ও খুচরা পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ক্যারেফোর জানিয়েছে, তারা গ্রিসে তাদের অংশটি স্থানীয় অংশীদারি প্রতিষ্ঠানের কাছে লোকসানে বিক্রি করে দিচ্ছে। এর বদলে ‘যেখানে ব্যবসা বাড়বে, সেখানেই অধিক মনোযোগ’ দেবে ক্যারেফোর।গ্রিসে কোকা-কোলার কার্যক্রম নিম্নমুখী হয়ে পড়েছে বলে পর্যালোচনা প্রকাশ করেছে মুডিস ইনভেস্টরস সার্ভিস। গ্রিস শিগগির ইউরোপীয় ইউনিয়নের একক বিহিত মুদ্রা ইউরো ত্যাগ করতে যাচ্ছে বলেও আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।বিখ্যাত ফরাসি ব্যাংক ক্রেডিট অ্যাগ্রিকোলে জানিয়েছে, সত্যিই এ রকম কিছু ঘটলে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ইতিমধ্যে কিছু আগাম ব্যবস্থা তারা নিয়ে রেখেছে।বিশ্বের অন্যতম বৃহৎ দুই আমদানি-রপ্তানি বিমাকারী সংস্থা ইউলের হেরমেজ ও কোফেস। সাম্প্রতিক কালে তারা গ্রিসের কোম্পানি জড়িত আছে, এমন লেনদেনে বিমা করতে অস্বীকৃতি জানিয়েছে।বস্তুত গ্রিসে ব্যবসারত বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে গ্রিস থেকে ব্যবসা-বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে। কেননা, একদিকে ইউরো শক্তি হারাচ্ছে, অন্যদিকে তিন বছর ধরে রাজস্ব কৃচ্ছ্রনীতি অনুসরণ করতে গিয়ে গ্রিসের অভ্যন্তরীণ চাহিদা ও ভোগ ব্যাপকভাবে কমে গেছে।গ্রিসের এক-চতুর্থাংশ মানুষ এখন কর্মহীন। ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। কাপড়চোপড় ও ওষুধের বিক্রি কমে গেছে। এমনকি গ্যাস কেনাও কমিয়ে দিয়েছে বহু মানুষ। সবাই চাইছে কোনোভাবে অর্থ জমিয়ে রাখতে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও একে অন্যকে অর্থ পরিশোধ বন্ধ করে দিয়েছে।এথেন্সের শহরতলিতে নিজের হার্ডওয়্যার সামগ্রীর দোকানে স্ক্রু আর ড্রিল যন্ত্রের সারির মাঝখানে বসে ছিলেন ডিয়োডোরিস ডিয়ামাডিস। তিনি আশা করছেন, নির্বাচনের মধ্য দিয়ে অর্থনীতিতে একটা গতি আসবে।তবে এই আশাবাদ অনেকটাই আরোপিত বলে মনে হয়। দেশটির অর্থনীতির সবচেয়ে শক্তিশালী দিকগুলোও মারাত্মকভাবে সংকটে আক্রান্ত হয়েছে। গ্রিসের কর্মসংস্থানের ২০ শতাংশ সৃষ্টি হয় পর্যটন খাত থেকে। এ বছর এই খাতের ১৫ শতাংশ হারে সংকোচন ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কেননা, পর্যটকেরা ইতিমধ্যে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে।ন্যাশনাল কনফেডারেশন অব গ্রিক কমার্সের সভাপতি ভ্যাসিলিস কোরকিদিস বলেন, দিন দিন গ্রিস দ্রুত আন্তর্জাতিক অর্থনীতিতে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।যদি নতুন নির্বাচিত সরকার ইউরো-অঞ্চলে থাকতে চায়, অর্থাৎ বিহিত মুদ্রা হিসেবে ইউরোকে রাখতে চায়, তাহলে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা পাওয়ার কঠিন শর্তগুলো পূরণ করতে হবে। যেমন: রাষ্ট্রীয় কোষাগার ফুরিয়ে আসতে থাকলেও এই মাসের শেষে গ্রিস সরকারের হাতে অন্তত দেড় হাজার কোটি ইউরো (প্রায় দুই হাজার কোটি ডলার) সঞ্চয় রাখতে হবে। আসলে বেশ অনেক দিন ধরে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো গ্রিসে তাদের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন ছিল। কিন্তু গত মাসে যখন বামপন্থীরা জাতীয় নির্বাচনে ভালো সাফল্য পেল, তখন এই উদ্বেগ বড় আকার ধারণ করে। ব্যাপকভাবে এই ধারণা ছড়িয়ে পড়ে যে গ্রিস ১৩ হাজার কোটি ইউরোর সহায়তা চুক্তি বাতিল করবে ও ইউরো থেকে বেরিয়ে আসবে। তবে ৬ মে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াও বড় ধরনের অনিশ্চয়তা দেখা দেয়।৪৮ বছর বয়সী স্কুলশিক্ষক দিমিত্রিজ জানান, দুই বছর আগেও মাসে তাঁর আয় ছিল এক হাজার ৪৩০ ইউরো। আর কৃচ্ছ্রসাধনের কারণে এখন তাঁর আয় নেমে এসেছে ৮০০ ইউরোতে।‘আমি কিছুই কিনতে পারছি না, এমনকি বাচ্চাদের কাপড়ও না,’ বললেন চার সন্তানের বাবা সোলাকুগলাউ। ‘কেননা, ওদের খাওয়ানোর জন্য আমার টাকা দরকার।’গত বছর গ্রিসের অর্থনীতির সংকোচন ঘটেছে ৬ দশমিক ৯০ শতাংশ হারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে গ্রিসের অর্থনীতি এ বছর ৪ দশমিক ৭০ শতাংশ হারে সংকুচিত হবে। আর ২০১৩ সালে এসে প্রবৃদ্ধি শূন্য হবে।তবে গ্রিসের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা এই সপ্তাহেই জানিয়েছে যে দেশটির অর্থনীতি প্রথম প্রান্তিকে সাড়ে ৬ শতাংশ হারে সংকুচিত হয়েছে। বেকারত্ব ২২ শতাংশে উন্নীত হয়েছে। [নিউইয়র্ক টাইমস অবলম্বনে]