ক্রয় কমিটিতে ছয় প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৫০ হাজার টন গমসহ ৭৭৩ কোটি টাকা ব্যয়ের ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
যুগ্ম সচিব জানান, গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ২৭০ ডলার দরে। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৬৫ লাখ টাকা। আর ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামের মদুনাঘাট পানি শোধনাগার ও পতেঙ্গা বুস্টার পাম্পস্টেশন (প্যাকেজ-১) নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
অনুমোদিত অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের ১৩৬ কোটি টাকা অর্থায়নে বাস্তবায়নাধীন কোস্টাল ইমবাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ফেজ-১-এর আওতায় ডিটেইল ডিজাইন-কনস্ট্রাকশন সুপারভিশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপোর্টের জন্য পরামর্শক নিয়োগ এবং চলতি অর্থবছরে ১২ হাজার ৭০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য এসেনশিয়াল ড্রাগস কোম্পানি থেকে ৮০ কোটি টাকার ওষুধ ক্রয়।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ১৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন (ই-জিপিসহ) কনসালট্যান্টের জন্য একক উৎস ভিত্তিতে ক্রয় চুক্তি এবং দৌলতদিয়া-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা (এন-৭) মহাসড়কের ডিটেইল ডিজাইন এজেন্ডায় ছয় কোটি ২২ লাখ টাকা বাড়তি ব্যয়ের প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে।