ক্রয় কমিটিতে ১,৬০০ কোটি টাকার ২০ প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলের সবচেয়ে বেশি ২০টি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের আমলে কোনো ক্রয় কমিটির বৈঠকে এত বেশি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি।
সরকারের শেষ সময় বলে এমনটা হলো কি না—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, ছুটির কারণে অনেকগুলো প্রস্তাব জমে গিয়েছিল।’
অর্থমন্ত্রী আরও বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ক্রয় কমিটির বৈঠক চলতে পারে। তবে এ বৈঠকগুলো হবে রুটিন বৈঠক। নতুন কোনো প্রস্তাব এসব বৈঠকে উঠবে না। আগের প্রস্তাবের সংশোধনী উঠলে উঠতে পারে।
অনুমোদিত ২০ প্রস্তাবে এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
ক্রয় কমিটির বৈঠকে অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া সংযোগ সড়ক ও সিলেকটেড ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিজ নির্মাণ এবং সার্ভিস এরিয়া-২-এর নির্মাণকাজের জন্য পৃথক দুটি ঠিকাদার নিয়োগ। এ ছাড়া ৯৪ হাজার বৈদ্যুতিক খুঁটি কেনার কাজ পেয়েছে যৌথভাবে তিন কোম্পানি। এতে ব্যয় হবে ১৮৮ কোটি টাকা।
অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হচ্ছে: ঘোড়াশাল ইউনিট-৩ শীর্ষক ৪৪০ ইউনিটের একটি বিদ্যুৎ প্রকল্প; সরিষাবাড়ীতে বিওও ভিত্তিতে বিদ্যুৎ প্রকল্পের ট্যারিফ নির্ধারণ; সরকারি ও আধাসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মিরপুরে ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন নির্মাণ; নির্বাচন কমিশনের জন্য ১১ তলাবিশিষ্ট ভবন নির্মাণ ও কক্সবাজারে সরকারি জমিতে ৮ তলাবিশিষ্ট ছয়টি ভবন নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ; চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ২৫ হাজার টন করে ৫০ হাজার টন ইউরিয়া সার ক্রয়।
৫০ হাজার টন গম ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে বৈঠকে। প্রতি টন গম ২৯৭ ডলারে কেনা হবে। কাজ পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান স্মাইল ফুড প্রডাক্ট।
এক প্রশ্নের জবাবে গ্যাসের স্বল্পতা বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এটা তো চাইলেই পাওয়া যায় না। গত সাত বছরে নতুন একটিও গ্যাসের কূপ খনন করা হয়নি। আর কূপ খনন করলেই যে গ্যাস পাওয়া যাবে তা নয়, এটা ভাগ্যের ব্যাপার।’
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি: ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। এতে কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এগুলো হচ্ছে: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধিত পরামর্শক নিয়োগের চুক্তি; ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধিত অ্যালাইনমেন্ট অনুমোদন; সুনামগঞ্জ মৎস্য অবতরণকেন্দ্র বেসরকারীকরণ কমিশনে ফেরত দেওয়া; আমদানিনীতি আদেশ ২০১২-১৫ সংশোধন এবং অগভীর সমুদ্রে একটি ব্লকের উৎপাদন বণ্টন চুক্তি অনুস্বাক্ষর।