ক্রয় কমিটিতে ১৪ প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) শীর্ষক প্রকল্পের অবশিষ্ট নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (দাউদিকান্দি-চট্টগ্রাম অংশ) শীর্ষক প্রকল্পের অবশিষ্ট নির্মাণকাজের পরামর্শক নিয়োগে ব্যয় হবে ১৮ কোটি ৯৪ লাখ টাকা।
বৈঠকে সার কেনা ও পল্লী বিদ্যুতায়নবিষয়ক মোট আটটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। যুগ্ম সচিব জানান, এর মধ্যে ১৩ হাজার ১৫০টি বৈদ্যুতিক কাঠের খাম্বা কেনা হবে ২৮ কেটি ২৮ লাখ টাকায়। আর ২৩ কোটি টাকায় কেনা হবে দুই লাখ বৈদ্যুতিক মিটার। এ ছাড়া ধরলা ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুতের প্রতি ইউনিটের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় প্রতি কিলোওয়াট ১৩ টাকা ১৮ পয়সা।
অন্য প্রস্তাবগুলো হচ্ছে: ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন, চামড়াশিল্প নগরে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংক্রান্ত প্রস্তাব, স্বল্প ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য উত্তরায় এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১৬ তলাবিশিষ্ট নয়টি বহুতল ভবন নির্মাণ এবং চট্টগ্রামে ৬১২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে এস আলম গ্রুপের সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও শেয়ার পরিবর্তনের প্রস্তাব।