ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলারুশ থেকে ৪১৯ কোটি টাকার যান-যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যন্ত্রপাতিগুলো কেনা হবে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার জন্য।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, যান-যন্ত্রপাতি আমদানিসহ বৈঠকে মোট সাতটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৭৭৯ কোটি টাকা ব্যয়ের চারটি প্রস্তাব রয়েছে। বাকি তিন প্রস্তাবের একটিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি, অন্য দুটিতে চুক্তির অতিরিক্ত কাজের কথা বলা হয়েছে।
জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা, নকশা ও তদারকিসহ অন্যান্য কাজের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান যুগ্ম সচিব। তিনি জানান, ৮৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ের এ কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে জাপানের নিপ্পন কোম্পানি লিমিটেড।
মোস্তাফিজুর রহমান আরও জানান, ১০ তলা ফাউন্ডেশনসহ তিনতলাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে বৈঠকে। যৌথভাবে এ কাজ পেয়েছে টিয়াল-জহিরুল লিমিটেড এবং এটি নির্মাণে ব্যয় হবে ৯২ কোটি ৪০ লাখ টাকা।
এ ছাড়া বৈঠকে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং এর আশপাশের এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষায় নতুন তীর সংরক্ষণ এবং তীর সংরক্ষণ মেরামতে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে করা এ কাজে ব্যয় হবে ১৭৯ কোটি ১৩ লাখ টাকা। কাজটি সম্পন্ন হবে নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতায়।
মোস্তাফিজুর বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ২০০৭ সালের জরুরি ঘূর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের পানি উন্নয়ন বোর্ডের অংশের আওতায় একটি সমীক্ষা পরিচালনার জন্য নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ১১ মাস বাড়ানো হয়েছে। এতে অতিরিক্ত ব্যয় হবে ৮ কোটি ২৮ লাখ টাকা।