ক্রয় কমিটিতে ৯ প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ঋণে ঢাকা-টঙ্গী ও টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণসহ নয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান।
অতিরিক্ত সচিব জানান, ভারতীয় ঋণসহায়তা চুক্তির আওতায় ঢাকা-টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ রেললাইন নির্মাণ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল ডুয়েল গেজ রেললাইন নির্মাণে ডিটেইলড ডিজাইন ও নির্মাণকাজ তদারকিতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ‘আর্ভি অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস’ এবং ‘আয়েশা ইঞ্জিনিয়ারিং’। এই কাজে ব্যয় হবে ৩০ কোটি ৫০ লাখ টাকা।
২০১৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি) এবং এসএসসি ভকেশনাল স্তরের বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য সাড়ে ১৪ হাজার টন মুদ্রণের কাগজ ও ১ হাজার ২০০ টন কার্টিজ কাগজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই খাতে ব্যয় হবে ১০০ কোটি ৭৮ লাখ টাকা।
এ ছাড়া ৯ কোটি ৫ লাখ ৩১ হাজার ৮৬৫ কপি বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের আরেকটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১২০ কোটি ৪৫ লাখ টাকা।অতিরিক্ত সচিব জানান, অন্যান্য প্রস্তাবের মধ্যে ৩৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (স্থানীয় সরকার অংশ) ডিজাইন ও নির্মাণকাজের সুপারভিশনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকার শেরেবাংলা নগরে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন’-এর সম্প্রসারণে দুই বেজমেন্ট ও আনুষঙ্গিক সেবা সুবিধাসহ ১৪ তলা ফাউন্ডেশনবিশিষ্ট ১২ তলা হাসপাতাল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজে ব্যয় হবে ১০০ কোটি ২৮ লাখ টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সড়ক নির্মাণকাজের প্যাকেজ নম্বর-৫-এর বাতিশা বাজার (চেইনেজ ১২৫+২৬৭) থেকে মহিপাল বাজার (চেইনেজ ১৪৫+২৬৭) পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণের চুক্তির ভেরিয়েশন অর্ডার-১ অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে ১১ কোটি টাকা ব্যয় কমে মোট ব্যয় দাঁড়াবে ১৩৯ কোটি ৭৮ লাখ টাকা।
‘বাংলাগভ.নেট’ প্রকল্পের আওতায় টার্ন কি ভিত্তিতে অতিরিক্ত সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব পাবলিক নেটওয়ার্ক টু কানেক্ট গভর্নমেন্ট এন্টিটিজ অ্যান্ড প্রোভাইড অ্যাপ্লিকেশন সার্ভিস কাজের চুক্তি সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আট কোটি টাকা বেড়ে এই কাজে মোট ব্যয় দাঁড়াবে ২২৯ কোটি টাকা।
‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট’-এর সহায়তায় তৃতীয় কর্ণফুলী সেতুর প্রথম অংশ (শাহ আমানত সেতু) নির্মাণে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির অব্যয়িত তহবিল দ্বারা দ্বিতীয় অংশ নির্মাণকাজের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ৮ কোটি ৩১ লাখ ব্যয় বাড়ছে এবং মোট ব্যয় দাঁড়াবে ২৬ কোটি ৭০ লাখ টাকা।