ক্রাউন সিমেন্টের গ্রাহকদের কম সুদে গৃহঋণ দেবে আইপিডিসি
গৃহঋণ বিতরণে ক্রাউন ব্র্যান্ডের এমআই সিমেন্টের সঙ্গে জোট বেঁধেছে আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি বা আইপিডিসি। গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি হোটেলে দুই কোম্পানির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
এ চুক্তির আওতায় ক্রাউন সিমেন্টের গ্রাহকেরা বাড়ি নির্মাণে আইপিডিসি থেকে কম সুদে ঋণ সুবিধা নিতে পারবেন। একইভাবে আইপিডিসির ঋণগ্রহীতা বাড়ি তৈরিতে ক্রাউন সিমেন্ট ব্যবহার করলে তাতেও বিশেষ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, মূলত ঢাকা, চট্টগ্রামের বাইরে গৃহঋণ সুবিধা পৌঁছে দিতে ক্রাউন সিমেন্টের সঙ্গে জোট বেঁধেছে আইপিডিসি। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বাড়তি গতি সঞ্চার হবে, যা জাতীয় অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে এমআই সিমেন্টের জাহাঙ্গীর আলম বলেন, টেকসই অর্থনীতির স্বার্থে সরাসরি ভোক্তা পর্যায়ের বিপণনের প্রতি নজর দিতে হবে। দেশের ভোক্তাশ্রেণির একটি বৃহৎ অংশ গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও এগিয়ে নেওয়া সম্ভব হলে তাতে জাতীয় অর্থনীতিও এগিয়ে যাবে। চুক্তির আওতায় আইপিডিসির গ্রাহকেরা বাড়ি তৈরিতে ক্রাউন সিমেন্ট ব্যবহার করলে বিশেষ ছাড় পাবেন।
আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম বলেন, গৃহনির্মাণ এখন আর কোনো বিলাসিতা না। এটি মধ্যবিত্তের স্বপ্ন ও প্রয়োজন। আর মধ্যবিত্তের এ প্রয়োজনকে সহায়তা করতে দেশজুড়ে ক্রাউন সিমেন্টের গ্রাহকদের সুলভে ও সহজে গৃহঋণ বিতরণ করা হবে। দেশব্যাপী ক্রাউন সিমেন্টের বিক্রয়কেন্দ্রে এ ঋণ সম্পর্কে তথ্য ও আবেদনের সুযোগ পাবেন গ্রাহকেরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাউনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির ও মোল্লা মোহাম্মদ মজনু, আইপিডিসির উপব্যবস্থাপনা পরিচালক এ এফ এম বারকাতউল্লাহ প্রমুখ।