ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ কমানোর দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। এক বিবৃতিতে গত শনিবার তারা বলেছে, ক্রেডিট কার্ড নীতিমালা প্রণয়নকালে গ্রাহকের স্বার্থচিন্তা না করে ব্যাংকগুলোর স্বার্থচিন্তা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ক্রেডিট কার্ডের সংশোধিত নীতিমালা চূড়ান্ত করে। এতে বলা হয়, ক্রেডিট কার্ডের সুদের হার হবে সাধারণ যেকোনো ঋণের চেয়ে ৫ শতাংশ বেশি। এ নীতিমালা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। ক্যাব বলছে, প্রণীত ক্রেডিট কার্ড নীতিমালা বাতিল করে সাধারণ ঋণের মতোই সুদের হার নির্ধারণ, গ্রাহক হয়রানি বন্ধ ও ভোক্তাস্বার্থ রক্ষা করে নতুন নীতিমালা তৈরি করতে হবে।
বিবৃতিতে ক্যাবের চট্টগ্রামের নেতারা আরও বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠী বর্তমানে ক্রেডিট কার্ডের গ্রাহক। ব্যাংকগুলো নামে-বেনামে বিভিন্ন ‘হিডেন চার্জ’ যুক্ত করে সাধারণ ঋণের দ্বিগুণ সুদ আদায় করছে। বাংলাদেশ ব্যাংক দেশের সাধারণ জনগণ ও ভোক্তাদের স্বার্থ না দেখে গুটি কয়েক ব্যবসায়ীর স্বার্থে যাবতীয় নীতি প্রণয়ন করছে। এ কারণে দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হরিলুট হয়েছে। আর এ হরিলুটের জন্য বাংলাদেশ ব্যাংকের দায়ও কম নয়।
বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা প্রমুখ সই করেন।