ক্রেডিট কার্ডে নিরাপত্তা সঞ্চিতিও কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ডে সাধারণ নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) হার কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। আগে ক্রেডিট কার্ডে ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ৫ শতাংশ সঞ্চিতি রাখতে হতো। গতকাল রোববার তা কমিয়ে ২ শতাংশ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ডের সুদ হার কমাতে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে।

ঝুঁকি এড়াতে শ্রেণীকৃত ঋণের পাশাপাশি নিয়মিত ঋণের বিপরীতেও ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়। মূলত মুনাফা থেকেই এ অর্থ কেটে রাখতে হয়।

গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ অর্থ লেনদেনের ঝুঁকি এবং ক্রেডিট কার্ড ব্যবসায় ব্যয় কমানোর লক্ষ্যে প্রভিশন সংরক্ষণের হার কমানো হলো।

বিকাশমান ক্রেডিট কার্ডের ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে গত ১১ মে বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করে তা বাস্তবায়নের নির্দেশনা দেয়। ৩ আগস্ট ওই নীতিমালা স্থগিত করে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের নির্দেশনা দেয়। নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকের যেকোনো ঋণের সুদ হারের চেয়ে ক্রেডিট কার্ডের সুদ হার ৫ শতাংশ বেশি হবে। আগের নীতিমালায় বলা হয়েছিল, ভোক্তা ঋণের চেয়ে ৫ শতাংশ বেশি হবে ক্রেডিট কার্ডের সুদ হার।

২০১৬ সালের হিসাবে ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ৩ হাজার ৪৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ২৯০ কোটি টাকা।