ক্রেডিট কার্ডে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ ও ব্যক্তিগতভাবে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আগে সর্বোচ্চ ২০ ও ১০ লাখ টাকা ঋণ নেওয়া যেত।
এ ছাড়া বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আগে যা ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। পাশাপাশি ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির হারের চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি বেশি হতে পারবে না।
সর্বশেষ ২০০৪ সালে জারি করা এক পরিপত্রের মাধ্যমে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণসীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। চাহিদা বাড়ায় ও ব্যাংকগুলোর কাছে থাকা অলস অর্থ বিনিয়োগে আনার লক্ষ্যে এখন এসব সীমা বাড়ানো হয়েছে।