ক্রেডিট কার্ডের অনেক 'প্রথম' এনেছে স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য মান্ডলই
আদিত্য মান্ডলই

বাংলাদেশের বাজারে প্রথম ব্যাংক হিসেবে ১৯৯৬ সালে ক্রেডিট কার্ড নিয়ে আসে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ। বাংলাদেশে ক্রেডিট কার্ড সেবার ২০ বছর পূর্তি উপলক্ষে টাইটেনিয়াম কার্ড নামের বিশেষ একটি কার্ড চালু করেছে ব্যাংকটি। কার্ডটির বিশেষ দিক ও সুবিধা নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন এসসিবি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আদিত্য মান্ডলই।
বিশেষ এই ক্রেডিট কার্ডটি বাজারে আনার উদ্দেশ্য সম্পর্কে আদিত্য মান্ডলই বলেন, ‘বাংলাদেশের বাজারে এই কার্ডটি এক নতুন উদ্ভাবন। এসসিবিই বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রথম ‘রিওয়ার্ড পয়েন্ট’ বা ব্যবহারের ভিত্তিতে পয়েন্টের ব্যবস্থা চালু করে। সেই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের জন্য এসসিবি টাইটেনিয়াম কার্ড আমরা এনেছি। এটি ব্যবহার করে পরিশোধ করা মোট অর্থের একটি অংশ নগদ ফেরত পাবেন গ্রাহক।’
কার্ডটি ব্যবহারের সুবিধা হচ্ছে বিভিন্ন সুপারশপের পণ্য কেনাকাটার বিল পরিশোধে সাড়ে ৭ শতাংশ নগদ অর্থ ফেরত পাবেন গ্রাহক। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁর বিল পরিশোধে ৫ শতাংশ ও অনলাইনভিত্তিক ই-কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকেরা ২ শতাংশ নগদ অর্থছাড় পাবেন। এক মাসে সর্বোচ্চ ২ হাজার টাকা এভাবে নগদ ফেরত পাওয়া যাবে। আর এক বছর বা ১২ মাসে ফেরত পাওয়া যাবে ২৪ হাজার টাকা। কার্ডটির বার্ষিক ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা।
আদিত্য মান্ডলই বলেন, ক্রেডিট কার্ডে এমন নগদ অর্থ ফেরত বাংলাদেশে আর কোনো ব্যাংক দেয় না। এটা ব্যবহারকারীদের জন্য অনেকটা তাৎক্ষণিক একটি ভালো লাগার অনুভূতি তৈরি করবে।
কার্ডটি দিয়ে ছয়টি দেশের প্রায় ১৫ হাজার মার্চেন্ট আউটলেটে বিল পরিশোধ ও নগদ অর্থছাড় সুবিধা পাওয়া যাবে বলে জানান আদিত্য। এ ছয়টি দেশ হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং ও ব্রুনেই। বিদেশে যেসব জায়গায় এই কার্ডটি ব্যবহার করা যাবে, সেসব স্থানের মধ্যে আছে হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, স্পা ইত্যাদি।
আদিত্য মান্ডলই বলেন, যেসব বাংলাদেশি দেশের বাইরে বেড়াতে যান তাঁদের জন্য এই কার্ডটি হবে বিশেষ সুবিধার। তাঁরা একদিকে মূল্য পরিশোধে নগদ টাকা বহনের ঝক্কি থেকে রেহাই পাবেন, একই সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া এই কার্ড ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ১০ লাখ টাকার বিমাসুবিধা পাবেন।
কার্ডটির নিরাপত্তার বিষয়ে আদিত্য মান্ডলই জানান, বিশেষ চিপ দিয়ে এই ক্রেডিট কার্ড তৈরি করা হয়েছে, যেটি অনেক বেশি নিরাপদ। বর্তমানে বাংলাদেশে এসসিবির ১ লাখ ১০ হাজার ক্রেডিট কার্ড রয়েছে। দেশের ক্রেডিট কার্ড বাজারের ২৩ শতাংশ এখন এসসিবির দখলে আছে।
আদিত্য মান্ডলই আরও বলেন, ‘এই কার্ডটি বাংলাদেশে আমাদের ক্রেডিট কার্ড ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আশা করছি কার্ডটি সব শ্রেণির গ্রাহকের কাছেই গ্রহণযোগ্যতা পাবে।’