ক্রেডিট রেটিংয়ে অবস্থান হারাল যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবার ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ অবস্থান ‘ট্রিপল এ’ অবস্থান হারিয়ে ফেলেছে। বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) গতকাল শুক্রবার তাদের রেটিংয়ে যুক্তরাষ্ট্রকে ট্রিপল এ অবস্থান থেকে একধাপ নামিয়ে ‘ডাবল এ-প্লাস’ অবস্থানে রেখেছে। খবর রয়টার্সের।দেশটির বাজেট ঘাটতি ও ঋণের বোঝা বেড়ে যাওয়ার ফলে তারা ট্রিপল এ রেটিং হারিয়েছে বলে জানা গেছে। আর এর ফলে মার্কিন সরকার, বিভিন্ন কোম্পানি ও ভোক্তাদের জন্য ঋণ গ্রহণের খরচ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।এসঅ্যান্ডপি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কংগ্রেস ও প্রশাসন অর্থবছর সংহত করতে যে মতৈক্যে পৌঁছেছে, যুক্তরাষ্ট্রের এই অবনমন তারই প্রতিফলন। আর এই অবনমন মার্কিন সরকারের মেয়াদি ঋণ বৃদ্ধিতে দৃঢ়তা আনতে সহযোগিতা করবে।সরকারের ব্যয় হ্রাস ও ঋণের বোঝা কমাতে কর বাড়ানো এবং সরকারের ঋণ গ্রহণের সীমা বাড়ানো নিয়ে মার্কিন কংগ্রেসে তিক্ত রাজনৈতিক বিতর্কের পর অবনমনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।আগামী ১০ অর্থবছরে ঘাটতি ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনতে কংগ্রেস গৃহীত পরিকল্পনায় ২ আগস্ট স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সুস্থির করতে বাজেট ঘাটতি ৪ ট্রিলিয়ন ডলার কমানোর আহ্বান জানিয়েছিল এসঅ্যান্ডপি।মার্কিন অর্থনীতি আবারও মন্দা পড়তে পারে এবং ইউরোপের ঋণসংকট খুব খারাপ অবস্থায় পৌঁছাতে পারে এমন আশঙ্কার পরিপেক্ষিতে গত ১০ দিনে এসঅ্যান্ডপি ৫০০ শেয়ার সূচক গত ১০ দিনে ১০ দশমিক ৮ শতাংশ পড়ে গেছে। ইউরোপের এই সংকট ইতালি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।