ক্রেতা কম, দুশ্চিন্তায় বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল ক্রেতা–দর্শনার্থীর উপস্থিতি ছিল খুবই কম। বেলা দেড়টার দিকে তোলা ছবি l প্রথম আলো
টানা অবরোধের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল ক্রেতা–দর্শনার্থীর উপস্থিতি ছিল খুবই কম। বেলা দেড়টার দিকে তোলা ছবি l প্রথম আলো

প্রতিবছরই শেষ দিকে এসে জমে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চিরচেনা এই তথ্যটি এবার টানা রাজনৈতিক অস্থিরতায় পাল্টে গেছে। সাপ্তাহিক ছুটির দুই দিন ছাড়া ক্রেতা-দর্শনার্থীরা খুব একটা আসছেন না। ফলে বেচাকেনা তো দূরে থাক, পণ্যের প্রচারণাও হচ্ছে না। সব মিলিয়ে বড় ক্ষতির আশঙ্কা করছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
বাণিজ্য মেলার ১৯তম দিনে গতকাল সোমবার বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি খুবই কম। অধিকাংশ প্যাভিলিয়ন ও স্টলই ফাঁকা। বিক্রয়কর্মীরা গল্প-গুজব করেই সময় কাটাচ্ছেন।
টানা হরতাল-অবরোধে ক্রেতা-দর্শনার্থী কম আসায় অনেক বিক্রেতা হিসাবের খাতাও খুলতে পারেননি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্যাভিলিয়নে এমনই এক স্টলের খোঁজ মিলল। প্রতিষ্ঠানটির নাম পান্ডে ফাইবার ইন্ডাস্ট্রিজ। তারা মেলায় প্রদর্শন ও বিক্রি করতে নিয়ে এসেছে বাঘ, সিংহ, দোয়েল, জিরাফ, ক্যাঙারুসহ বিভিন্ন প্রাণী। এগুলো ফাইবারের তৈরি।
স্টলটির ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সাতক্ষীরা থেকে মেলায় অংশ নিচ্ছেন তাঁরা। গতকাল পর্যন্ত কোনো বিক্রি করতে পারেননি। বিক্রি না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এসব পণ্য কিনে থাকে। অবরোধের কারণে তাদের 
বেশির ভাগই এবার মেলায় আসছে না।’ তিনি জানান, স্টল বরাদ্দ থেকে শুরু করে সাজসজ্জায় খরচ এক লাখ টাকা ছাড়িয়েছে প্রতিষ্ঠানটির।

এই স্টলে ফাইবারের তৈরি প্রতিটি বাঘের দাম ২৫ থেকে ৬৫ হাজার, দোয়েল পাখি ১৮ হাজার, জিরাফ ২২ হাজার ও সিংহ ২৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে ফাইবারের কাঁচামাল দিয়ে আর কোনো প্রতিষ্ঠান এমন পণ্য তৈরি করে না, দাবি মিজানুরের।

‘বিমূর্ত’ নামে বিসিকের আরেকটি স্টলে গিয়ে দেখা যায় কাগজ দিয়ে তৈরি নানা রকমের পণ্য। কাগজের ফটো অ্যালবাম, কলমদানি, ফটো ফ্রেম, ল্যাম্পশেড, ছোট আয়না, টিস্যু রাখার বাক্স, গয়নার বাক্স, নথি, শুভেচ্ছা কার্ড প্রভৃতি।

৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার টাকায় কাগজের এসব পণ্য কিনতে পাওয়া যাচ্ছে বলে জানালেন বিমূর্তের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদ বিন সাইদ। তিনি বলেন, ‘মূলত পরিচিতি এবং জমে থাকা পণ্য বিক্রি করতেই মেলাতে অংশ নিচ্ছি। তবে বেচাকেনার অবস্থা এবার খুবই খারাপ। ১৯ দিনে সব মিলিয়ে বিক্রি করেছি ৫৮ হাজার টাকা, আর এখন পর্যন্ত খরচ হয়েছে ২ লাখ টাকা।’

বেলা দেড়টায় বউনি করতে পারেননি বলে জানালেন রংপুর থেকে মেলায় অংশ নেওয়া গোল্ডেন হ্যান্ডিক্রাফটসের বিপণন ব্যবস্থাপক হাফিজুর রহমান। মেলায় শতরঞ্জি, বিভিন্ন আকারের পাপোশ, ডাইনিং টেবিল ম্যাট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

২৭০ থেকে ৩ হাজার ১৫০ টাকায় শতরঞ্জি কিনতে পাওয়া যাচ্ছে স্টলটিতে। এই দামের ওপর ১০ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা। পাপোশ ৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দুটি পাপোশ কিনলে বিনা মূল্যে দুটি দেওয়া হচ্ছে। ডাইনিং টেবিল ম্যাটের দাম পড়বে ৭৫০ থেকে ১ হাজার ৫০ টাকার মধ্যে।

বেচাকেনা কেমন হচ্ছে—জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, ‘ঢাকার বাইরের ক্রেতারা না আসায় বিক্রি হচ্ছে খুব কম। ভয়ের ব্যাপার হচ্ছে, দিন দিন বিক্রি কমছে। গত রোববার ১৫ হাজার টাকার বেশি বিক্রি হলেও আজ (গতকাল) পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারব কি না, আশঙ্কায় আছি।’

বিসিকের বিপণন কর্মকর্তা শালিমা বেগমও জানালেন, বিসিকের প্যাভিলিয়নে ২২টি প্রতিষ্ঠানের স্টল আছে। রাজশাহী, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিসিকের অধীন প্রতিষ্ঠানই এখানে স্টল পেয়েছে।

প্রতিটি স্টলের বেচাবিক্রির হিসাব বের করে দেখালেন বিসিকের এই কর্মকর্তা। এতে দেখা যায়, দিনে ১ হাজার টাকাও বিক্রি হয়নি এমন বেশ কয়েকটি স্টল রয়েছে। এমনকি সারা দিনে কোনো বিক্রিই হয়নি এমন স্টলও আছে কয়েকটি।