ক্রেতা টানছে হস্তশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল রিদা ক্রাফটসের স্টলে হস্তশিল্পজাত পণ্যসামগ্রী দেখছেন একজন দর্শনার্থী  ছবি: প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল রিদা ক্রাফটসের স্টলে হস্তশিল্পজাত পণ্যসামগ্রী দেখছেন একজন দর্শনার্থী ছবি: প্রথম আলো

ছুটির দিনগুলো ছাড়া ক্রেতারা মোটামুটি ভিড়ভাট্টা এড়িয়ে স্বচ্ছন্দেই কেনাকাটা করতে পারেন। বাণিজ্য মেলা ঘুরে গতকাল সোমবার বিষয়টি বেশ বোঝা গেল। তবে ভ্রাম্যমাণ হকারদের উটকো ঝামেলা রয়েই গেছে। এ ব্যাপারে মেলা কর্তৃপক্ষ বরাবরের মতোই উদাসীন।
মেলায় গতকাল প্রায় ঘণ্টা তিনেক ঘুরে দেখা গেল, প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের গৃহস্থালী পণ্যের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীরা হস্তশিল্পের প্যাভিলিয়ন ও স্টলগুলোতেও সমান আগ্রহ নিয়ে ঢুঁ দিচ্ছেন। নেড়েচেড়ে দেখছেন শতরঞ্জি, ব্যাগ, মগ, অলংকার ও গৃহসজ্জার মোমদানি, ল্যাম্পশেড, বাঁশ-বেতের বিভিন্ন উপকরণ।
মেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্যাভিলিয়নে আছে বেশ কয়েকটি হস্তশিল্পের স্টল। এর মধ্যে একটি আল আমিন লেদার ক্রাফট। পুরান ঢাকার মীর হাজারীবাগের এই প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে চামড়া, কাপড়, পাট ও শীতল পাটির ব্যাগ, চাবির রিং, মানিব্যাগ, জুয়েলারি বক্স, ছবির ফ্রেম, কলমদানি, কানের দুল ইত্যাদি।
স্টলটিতে বসে থাকা আল আমিন জানালেন, তিনি ও তাঁর স্ত্রী সেলিনা খাতুন দুজনে মিলে ২০০৩ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। ধানমন্ডির রাপা প্লাজায় জয়িতায় তাঁদের একটি বিক্রয়কেন্দ্র থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী হস্তশিল্প তৈরি করে দেন। তাঁদের প্রতিষ্ঠানের কারখানায় ১১ জন কারিগর নিয়মিত কাজ করেন।
পাশের রিদা ক্রাফটের স্টলে পাওয়া গেল নারকেলের খোলস দিয়ে তৈরি হরেক ধরনের নান্দনিক ল্যাম্পশেড। প্রকারভেদে এসব পণ্যের দাম ২০০ থেকে সাড়ে ছয় হাজার টাকা। এ ছাড়া আছে নারকেলের খোলসের কলমদানি ও চাবির রিং, কাঠের মানচিত্রসহ বিভিন্ন ধরনের গৃহসজ্জার উপকরণ। পাট ও সুতার তৈরি শতরঞ্জি বিক্রি করে প্রতিষ্ঠানটি।
রিদা ক্রাফটের ব্যবস্থাপক মো. শাকিল আহমেদ জানালেন, বরিশাল ও রংপুরে পৃথক দুটি কারখানা আছে তাঁদের। বরিশালের কারখানায় নারকেলের বিভিন্ন সামগ্রী আর রংপুরে শতরঞ্জি তৈরি হয়। আর ঢাকায় মিরপুর ১-এ নিজস্ব বিক্রয়কেন্দ্র।
এ ছাড়া স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট স্টলে আছে বাঁশ ও বেতের দৃষ্টিনন্দন ল্যাম্পশেড, আসবাব, অলংকার আর গৃহসজ্জার নানা উপকরণ। বাঁশ-বেত দিয়ে তৈরি প্রতিষ্ঠানটির সোফা সেট ১০ হাজার থেকে এক লাখ, খাট ১৫ হাজার থেকে ৩০ হাজার ও ডাইনিং সেট ১০ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে।
স্টলের বিক্রয়কর্মী জুয়েল হোসেন জানান, স্মার্টের হস্তজাত পণ্য কমবেশি সারা দেশেই বিক্রি হয়। মোহাম্মদপুরে তাঁদের নিজস্ব বিক্রয়কেন্দ্র আছে।
বিসিকের প্যাভিলিয়নে বাইরে হস্তশিল্পের বড় প্যাভিলিয়ন শতরঞ্জি। বরাবরের মতো এবারও এক প্যাভিলিয়ন তৈরি করেছে কারুপণ্য রংপুর লিমিটেড। আর এখানকার শতরঞ্জি, টেবিল ল্যাম্প, ল্যাম্পশেড, টেবিলমেট, বিভিন্ন ধরনের ব্যাগ কিনতে প্রায় সময়ই ক্রেতাদের ভিড় দেখা যায়। বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় সব ধরনের শতরঞ্জিতে ১০ থেকে ২০ শতাংশ ছাড় দিচ্ছেন তাঁরা।