ক্রেতাদের আস্থা ফেরাতে কয়েক বছর সময় লাগবে
ই-কমার্স নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে মনে হতে পারে কেনাকাটার বড় অংশই অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে হয়। বিষয়টা মোটেই তা নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ৬ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেন। মোট জনগোষ্ঠীর সঙ্গে তুলনা করলে তা ২ শতাংশের কম।
আমরা দেখছি, গত মার্চ থেকে জুনে ই-কমার্সে যে পরিমাণ লেনদেন হয়েছে, জুলাই ও আগস্টে এসে তা অনেক কমে গেছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ইভ্যালির মতো কোনো প্রতিষ্ঠান এখন বাজার থেকে বড় ধরনের অর্থ তুলছে না। অন্যদিকে আস্থাহীনতায় ক্রেতাদের একটা অংশ ই-কমার্স বিমুখ হয়ে গেছে বা যাচ্ছে।
ইভ্যালির মতো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকার এ খাতের জন্য নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা বলেছে। আমরা ইক্যাব থেকে বলেছি আলাদা সংস্থা না করে যে সেল আছে, সেটাকে শক্তিশালী করলেও অবস্থার বেশ উন্নতি হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যায় কি না, তা-ও যাচাই করা যেতে পারে। তবে নিয়মনীতির কড়াকড়ির কারণে ছোটরা যাতে ব্যবসা থেকে হারিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।