মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড একচেটিয়া ব্যবসা বা মনোপসনি করে পোশাকের দাম কমিয়ে দিয়েছে। অনেক উৎপাদকের বিপরীতে খুচরা বিক্রেতার সংখ্যা কম হওয়ায় এমনটি হয়েছে। এ জন্য যেসব দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করছে, তারা কম দাম পাচ্ছে।
বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। আর বেশি রপ্তানি হয় কটন ট্রাউজার। তবে গত ১৫ বছরে এই পণ্যটির মূল্য ৪০ দশমিক ৮৯ শতাংশ কমিয়ে দিয়েছে মার্কিন ক্রেতারা। যদিও আগে যুক্তরাষ্ট্রে কটন ট্রাউজার রপ্তানিতে শীর্ষ অবস্থানে ছিল মেক্সিকো, আর এখন বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ‘প্রাইসেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য গ্লোবাল অ্যাপারেল ইন্ডাস্ট্রি: বাংলাদেশ ইন কম্পারেটিভ পারসপেক্টিভ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন। গবেষকেরা হলেন পেন স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মার্ক অ্যানার ও ফেলো জেরেমি ব্লাসি এবং ইউনিভার্সিটি অব কলোরাডোর সহযোগী অধ্যাপক জেনিফার বির। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন মার্ক অ্যানার।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে গবেষণাপ্রতিষ্ঠান পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদসহ বিজিএমইএর কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানের একচেটিয়া ব্যবসা অশুভ প্রতিযোগিতার সৃষ্টি করছে বলে উল্লেখ করেন মার্ক অ্যানার। তিনি বলেন, ‘ক্রেতাদের এই কর্মকাণ্ড থেকে মুক্ত হতে তথ্যযোগাযোগ ও সচেতনতা বাড়াতে হবে। সরকারকে মনোপসনি ভেঙে দিতে হবে। এ ছাড়া সরবরাহব্যবস্থার দুর্বলতা হ্রাস করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
পোশাকের মূল্যের বিষয়ে মার্ক অ্যানার ২০১১ সালের তথ্য দিয়ে বলেন, পাঁচ পকেটের একটি কটন জিনস উৎপাদনে বাংলাদেশ ৮ দশমিক ৮৩ ডলার ও ভিয়েতনাম ৮ দশমিক ৮৯ ডলার পায়। ভিয়েতনাম ৬ সেন্ট বেশি পায়। এ ক্ষেত্রে ভিয়েতনাম শুল্ক দেয় ১ দশমিক ২৭ ডলার এবং বাংলাদেশ শুল্ক দেয় ১ দশমিক ২৬ ডলার। উভয় দেশের উৎপাদকেরা মুনাফা পায় ৬৭ সেন্ট।
একচেটিয়া ব্যবসা বন্ধে মার্কিন সরকারকেই ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন নাজনীন আহমেদ। তিনি বলেন, ‘মার্কিন সরকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে পোশাকের মূল্য বাড়িয়ে দিতে পারে।’