ক্রেতাদের কাছে সমান সুযোগ দাবি
বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ‘সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের এক সেমিনারে বক্তারা এ দাবি জানান। সন্ধ্যায় সর্বশেষ আয়োজন হিসেবে ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প: রূপান্তর ও আগামীর পথ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ নিশ্চিত করতে রানা প্লাজা দুর্ঘটনা-পরবর্তী সময়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গঠিত অ্যাকর্ড ও অ্যালায়েন্স জোটের সুপারিশ অনুযায়ী কারখানার কর্মপরিবেশ উন্নত করা হচ্ছে। ফলে
উদ্যোক্তাদের নতুন করে অর্থ বিনিয়োগ করছেন। আমরা চাই প্রতিযোগী সব দেশে এ ধরনের জোট গঠন করে কর্মপরিবেশ উন্নত করা হোক। শুধু বাংলাদেশের বেলায় এ ব্যবস্থা রাখা হলে তাতে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।’
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, বাংলাদেশকে প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে হলে শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ ও গবেষণায় বেশি মনোযোগী হতে হবে।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি। পোশাক খাতে বর্তমান ও ভবিষ্যৎবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাহমুদ হোসেন।
শ্রীনিবাস রেড্ডি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের কর্মপরিবেশ উন্নত ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে মানবসম্পদ, অবকাঠামো ও প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং মালিক-শ্রমিক সম্পর্ক আরও উন্নত করতে হবে।
সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেন, বাংলাদেশে অর্থায়নের ব্যয় অনেক বেশি। এর ফলে প্রতিযোগিতা সক্ষমতা কমে যায়।
শ্রীলঙ্কার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, পোশাক খাতের টেকসই উন্নতি জাতীয় অনেক নীতির সঙ্গে সম্পর্কিত। তাই টেকসই উন্নয়নের জন্য সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান, জিআইজেডের কর্মকর্তা জোসেন উইকার্ট, লন্ডনের অ্যাডাম স্মিথ ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো টিম রকসস্টেল প্রমুখ।