ক্রেতাদের চাপে নতিস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ক্রেতাদের চাপে অবশেষে ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডে বাধা না দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশি তৈরি পোশাক কারখানা আজিম গ্রুপ। অবশ্য এর আগে শ্রমিক মারধর ও ইউনিয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগে এ প্রতিষ্ঠানটিকে ক্রয়াদেশ বাতিলের হুমকি দিয়েছিল ক্রেতারা। তার পরই নতি স্বীকার করে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রামে আজিম গ্রুপের একটি কারখানায় শ্রমিক ইউনিয়নের নেতা মিরা বসাককে গত বছরের আগস্টে কারখানার বাইরে মারধরের অভিযোগ ওঠে। এরপর প্রতিষ্ঠানটির বিদেশি ক্রেতা কেলভিন ক্লেইন, টমি হিলফিগার, গ্যাপ, এল কোর্টে ইঙ্গেল, নর্থ ফেস, নটিকাসহ কয়েকটি ব্র্যান্ড ওই মারধরের ঘটনা সম্পর্কে জানতে চায়। একই সঙ্গে ব্র্যান্ডগুলো নিজেদের উদ্যোগে একটি তদন্ত করারও সিদ্ধান্ত নেয়। তদন্তের এই কাজটি করে ওয়াশিংটনভিত্তিক শ্রমিক অধিকার সংস্থা ওয়ার্কার্স রাইট গ্রুপ ও ব্র্যান্ড ভিএফ।
এদিকে তদন্তে উঠে আসে, মিরা বসাককে মারধরের ভিডিও প্রতিষ্ঠানটির সামনে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, একদল লোক মিরা বসাককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ও লাঞ্ছিত করে। আরেক পুরুষ শ্রমিকনেতাকে ধাওয়া দিয়ে ধরে পেটানো হয় কারখানার সামনেই। কারখানার ব্যবস্থাপক পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা মারধরে উসকানি দেন।
এরপর গত বছরের ১০ নভেম্বর কারখানার একটু সামনে শ্রমিক ইউনিয়নের আরেক নেত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আজিম গ্রুপের বিরুদ্ধে। আহত ওই নারীনেত্রীকে পরে ২০টি সেলাই নিতে হয়েছিল। এই দুটি ঘটনার জের ধরে গত জানুয়ারিতে ব্র্যান্ডগুলো একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা আজিম গ্রুপে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হলে যাবতীয় ক্রয়াদেশ বাতিল করবে।
আজিম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কার্যক্রমে অংশ নেওয়া মার্কিন শ্রমিকনেতা জেফ হারমেনসন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগে প্রথমবারের মতো কয়েকটি ব্র্যান্ড মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে।’
এই হুমকির পর কয়েক সপ্তাহ ধরে ব্র্যান্ডগুলোর সঙ্গে দর-কষাকষি করে আজিম গ্রুপের মালিক। শেষ পর্যন্ত শ্রমিকদের ইউনিয়ন কর্মকাণ্ড চালানোর অনুমতি দিয়েছে গ্রুপটি। একই সঙ্গে আহত শ্রমিকদের চিকিৎসা খরচসহ ইউনিয়ন করার দায়ে চাকরিচ্যুত শ্রমিকদেরও সবেতনে কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
তবে শ্রমিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে আজিম গ্রুপ। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফারহান আজিম বলেন, নভেম্বরের ঘটনায় কোম্পানির কোনো ব্যক্তি জড়িত ছিল না। তবে ক্রেতাদের চাপে শ্রমিকদের সঙ্গে সমঝোতা করার বিষয়টি স্বীকার করেন তিনি।
ফারহান আজিম বলেন, ‘পশ্চিমা বিশ্বের শ্রমিক সংগঠনগুলোর চাপে আমাদের ক্রেতা ব্র্যান্ডগুলো চাপে পড়ায় তারা আমাদের এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেয়। সমস্যা সমাধানে আমাদের পক্ষ থেকে নেওয়া সব পদক্ষেপ তাদের জানিয়েছি।’
ভিএফের ভাইস প্রেসিডেন্ট স্কট ডিটজ বলেন, ‘আজিম গ্রুপের মোট ক্রয়াদেশের ১০ শতাংশ আমাদের দেওয়া। শ্রমিকদের জীবন বিপন্ন করে এমন কোনো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। আমরা এ ব্যাপারে আজিম গ্রুপকে সতর্ক করেছি। আর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে তারা চারজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।’
বাংলাদেশের কারখানাগুলোতে কর্মপরিবেশ নিশ্চিত করা ও শ্রমিক ইউনিয়ন করার স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠনগুলো বাংলাদেশের সরকার ও কারখানা মালিকদের চাপ দিয়ে আসছে। ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম এ পদক্ষেপকে শ্রমিকদের অধিকার নিশ্চিতে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছে।