তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানিয়েছেন এ দেশের তৈরি পোশাক শিল্প ও বস্ত্রকলের মালিকেরা। তাঁরা বলেছেন, জোট দুটি কারখানা নিরীক্ষার সময় বিভিন্ন অযৌক্তিক চাহিদা তুলে ধরছে।
রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে গতকাল রোববার তৈরি পোশাকশিল্প ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আয়োজিত এক যৌথ সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে ‘পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে সংস্থা দুটিকে ঘিরে যে ক্ষোভ প্রকাশ করা হয় তা ছিল একপক্ষীয়।
সভায় ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, কারখানা নিরীক্ষার সময় অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পক্ষ থেকে অযৌক্তিক বিভিন্ন চাহিদা তুলে ধরা হচ্ছে। অথচ চীনসহ বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কারখানায় ঢুকতে দেওয়া হয় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের সমস্যা সমাধানে আলাদা একটি ফেডারেশন গঠনেরও প্রস্তাব করেন তিনি।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বিশ্বের সব রপ্তানিকারক দেশে অ্যাকর্ড-অ্যালায়েন্সের কর্মকাণ্ড চালুর দাবি জানান।
সংগঠনটির সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের চাপ বর্তমানে অসহনীয় পর্যায়ে চলে গেছে। তারা তাদের নির্ধারিত কাজের পরিধির বাইরেও বিভিন্ন বিষয়ে আপত্তি তুলছে। সাবেক সভাপতি সালাম মুর্শেদী বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। একই কাজ দুই জোট আলাদাভাবে করছে। এতে পোশাকশিল্পের মালিকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
সংগঠনটির সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্স আমাদের ওপর নানা ধরনের চাপ তৈরি করছে। তাদের দাবির কারণে আমাদের অনেক কারখানা ঢাকার বাইরে স্থানান্তর করতে হচ্ছে। অথচ সরকার ঢাকার আশপাশে কোনো কারখানা স্থাপনের অনুমোদন দিচ্ছে না।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, রপ্তানিকারকেরা এখন কঠিন সময় পার করছেন। তিনি আগামী বাজেটে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রপাতির ওপর আরোপিত আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানান।
বিটিএমএর সহসভাপতি ফজলুল হক বলেন, মূসকের সমস্যা এখন বস্ত্রশিল্পের মালিকদের জন্য বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দিনের পর দিন ব্যবসায়ীদের ব্যবসা ফেলে মূসক কার্যালয়ে দৌড়াতে হচ্ছে।
বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান বলেন, বিগত তিন মাসের টানা হরতাল-অবরোধে পোশাক খাতের যে ক্ষতি হয়েছে তা পূরণে উদ্যোগ নিতে হবে। আগামী বাজেটে সে লক্ষ্যে দাবিদাওয়া তুলে ধরতে হবে।
এ ছাড়া সভায় আগামী বাজেটকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পের ওপর আরোপিত করের হার ও মূসক কমানোর দাবি জানানো হয়। পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানেরও দাবি জানান ব্যবসায়ীরা।
পোশাকশিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিনের সঙ্গে গত রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘যে অনুষ্ঠানে অভিযোগ করা হয়েছে, সেখানে আমি বা আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তাই তাঁদের অভিযোগের বিষয়ে আমরা ওয়াকিবহাল নই।’