ক্রেতাদের যাচাই-বাছাইয়ে জমজমাট রিহ্যাব মেলা
দর্শক-ক্রেতার ভিড়ে আবাসন মেলা জমে উঠেছে। মেলার মাঝামাঝি সময়ে এসে অনেকে এখন পছন্দসই ফ্ল্যাট বা জমি ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার পর্যায়ে রয়েছেন। মেলায় আগত ব্যক্তিদের অনেকেই জানিয়েছেন, একই স্থানে দেশের নামকরা সব ডেভেলপার প্রতিষ্ঠান আসায় তাঁরা যাচাই-বাছাই করার সুযোগ পাচ্ছেন। দাম-দরে বনিবনা হলে মেলাতেই তাঁরা বুকিং দিয়ে ফেলবেন।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার তৃতীয় দিনে গতকাল শনিবার ঘুরে এ রকম তথ্যই জানা গেল।রাজধানীর শেরেবাংলা নগরে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘রিহ্যাব ভিশন ফেয়ার ২০১০’ শীর্ষক এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি খোলা থাকছে। জনপ্রতি প্রবেশমূল্য ৫০ টাকা। মেলা কাল সোমবার পর্যন্ত চলবে।তবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে গত শুক্রবার ও গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির কারণে প্রচুরসংখ্যক দর্শক-ক্রেতার সমাগম ঘটেছে। আয়োজকেরা অবশ্য জানান, মেলায় প্রতিদিন গড়ে ১০ হাজার দর্শক এসেছে। তবে এবারে হজ, বিভিন্ন স্কুলের পরীক্ষা ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা চলায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম।নাভানা রিয়েল এস্টেট: মেলার অন্যতম সহ-আয়োজক নাভানা রিয়েল এস্টেট ঢাকার বিভিন্ন এলাকার ৪৪টি অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন ও বিক্রি করছে। এ ছাড়া আটটি বাণিজ্যিক প্রকল্প মেলায় প্রদর্শন করছে।প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) ফেরদৌস আমান প্রথম আলোকে জানান, তাঁরা মেলায় উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের উপযোগী অ্যাপার্টমেন্ট প্রদর্শন করছেন। এর মধ্যে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরার প্রকল্পগুলো উচ্চবিত্তদের উপযোগী এবং মগবাজার, শান্তিনগর, বাসাবো প্রভৃতি এলাকায় মধ্যবিত্তদের উপযোগী প্রকল্প রয়েছে।মেলার আয়োজন সম্পর্কে তিনি বলেন, এবার মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। তবে বেশির ভাগ দর্শক তথ্য নিচ্ছেন কিন্তু বেচা-বিক্রির সংখ্যা এখনো সন্তোজনক নয়। তবে মেলা উপলক্ষে দেওয়া সুযোগ-সুবিধাগুলো এক মাস পর্যন্ত বহাল থাকায় অনেকেই মেলা শেষেও যোগাযোগ করবেন।নাভানার স্টল থেকে জানানো হয়, মেলায় মোট মূল্যের ২৫ শতাংশ দিয়ে বুকিং দিলে গ্রাহকদের আড়াই লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আর যদি কোনো গ্রহক মূল্য ছাড় নিতে না চান, তাহলে তাঁকে কিচেন কেবিনেট তৈরি করে দেওয়া হবে।শেলটেক: মেলায় শেলটেকের স্টলে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী, উত্তরা, নিকেতন, মিরপুর, রাজারবাগ, শান্তিনগর, গেন্ডারিয়া, মগবাজার, এলিফ্যান্ট রোড, দিলু রোড প্রভৃতি এলাকার ফ্ল্যাট প্রদর্শন করছে।প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান খান বলেন, মেলায় ব্যাপক দর্শক সমাগম হলেও এবার ক্রেতার সংখ্যা কম। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে এক লাখ থেকে সাত লাখ টাকার পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে।নগর হোমস: নগর হোমস লিমিটেড এবার রিহ্যাব মেলায় ঢাকার ধানমন্ডি, বনানী, কলাবাগান, খিলগাঁও, ফার্মগেট, মোহাম্মদপুর, শন্তিনগর, মিরপুর, উত্তরা প্রভৃতি ৫০টি অ্যাপার্টমেন্ট এবং একটি বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করছে। এ ছাড়া ঢাকার বাইরে কুমিল্লার ১২টি প্রকল্প প্রদর্শন করছে।এই প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নূরনবী বলেন, এবার খোলা মাঠে মেলা হওয়ায় অন্যবারের তুলনায় দর্শকের উপস্থিতি কম। একই সঙ্গে বেচা-বিক্রিও তুলনামূলক কম। মেলায় প্রকল্পভেদে মূল্য ছাড় দেওয়া হচ্ছে।কনকর্ড: মেলার অন্যতম সহ-আয়োজক কনকর্ডের স্টল থেকে অ্যাপার্টমেন্ট, দোকান বা অফিস স্পেস কিনলেই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিটি বুকিংয়ে আকর্ষণীয় ডিনারসেটসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে।প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বিপণন) মো. সাইফুল ইসলাম জানান, রাজধানীর ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকার বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। মেলায় গুলশান, বনানী, ধানমন্ডি, আজিমপুর, হাটখোলা, টিকাটুলি, মতিঝিল, উত্তরা, নিকেতন, মিরপুর প্রভৃতি এলাকার ৪০টি চলতি অ্যাপার্টমেন্ট ও সাতটি বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া রাজধানীর খিলখেত এলাকার লেকসিটি প্রকল্প প্রদর্শন চলছে। মেলায় ছাড় দিয়ে অ্যাপার্টমেন্ট, দোকান বা অফিস স্পেস বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।বিটিআই: মেলায় গুলশান, বারিধারা, উত্তরা, নিউ ডিওএইচএস, মিরপুর, লালমাটিয়া, নিউ ইস্কাটন, গ্রিনরোড প্রভৃতি এলাকার অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন ও বিক্রি করছে বিটিআই। এ ছাড়া চট্টগ্রামের বেশ কিছু প্রকল্প প্রদর্শন ও বিক্রি করছে।প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (বিক্রয়) এ কে এম সাহাদত হোসেন বলেন, মোট ৬৭টি প্রকল্প প্রদর্শন করছে। এর মধ্যে ৩১টি প্রকল্প এখনই বিক্রির উপযোগী। আর বাকিগুলো এখনো নির্মাণাধীন। মেলায় মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শক-ক্রেতা আসছেন।রূপায়ণ: এবারের মেলায় গুলশান, বারিধারা, বনানী, মহাখালী, মতিঝিল, শ্যামলী, বাংলামোটর প্রভৃতি অভিজাত এলাকার অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করছে। মেলায় রূপায়ণের স্যাটেলাইট টাউন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।এই প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) রাকিব হোসেন জানান, মেলায় মূল্যে ছাড় দিয়ে অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বিক্রি করা হচ্ছে। তিনি জানান, প্রকল্পভেদে ছাড়ের পরিমাণ ভিন্ন। তিনি জানান, মেলায় রূপায়ণের স্যাটেলাইট টাউনের অ্যাপার্টমেন্টের প্রতি বর্গফুট তিন হাজার ১৯০ টাকা হলেও মেলায় ছাড় দিয়ে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে।