ক্রেতাদের শর্তের ভিন্নতাই সামাজিক প্রতিপালনে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের ক্রেতারা শ্রমের মান ও পণ্য উৎপাদনের পরিবেশ সম্পর্কে যেসব শর্ত আরোপ করেন, তা অভিন্ন নয়। একেক ক্রেতা একেক রকম শর্ত আরোপ করেন। শর্তের বিভিন্নতায় অসুবিধায় পড়ে দেশের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।একই কারণে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো সামাজিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও (সোশ্যাল কমপ্লায়েন্স) ঠিকমতো প্রতিপালন করতে পারে না।রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক খাতে সামাজিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের প্রতিপালন নিয়ে আয়োজিত এক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। ব্রাসেলভিত্তিক সংস্থা ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের (এফটিএ) বিএসসিআই উদ্যোগের আওতায় জার্মানভিত্তিক সংস্থা লিফট স্ট্যান্ডার্ডস গোলটেবিলের আয়োজন করে।গোলটেবিল বৈঠকের বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান ফখরুল আহসান বলেন, ‘বাংলাদেশে এখন দ্বিতীয় প্রজন্মের ব্যবসা চলছে। এখনকার ব্যবসায়ীরা ব্যবসা বোঝেন, সামাজিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিপালন করতে জানেন।’ আহসান আরও বলেন, বিদ্যুৎসহ নানা ধরনের ভর্তুকির কারণে সরকার সামাজিক স্বার্থের প্রতিপালন কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে পারছে না।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদ উল ইসলাম খান বলেন, ভালো পরিবেশ দিতে না পারলে শ্রমিকেরা ঠিকমতো কাজ করতে পারবেন না। এতে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে। ওয়াজেদ উল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যে শ্রম আইন সংশোধনের ঘোষণা দিয়েছিল। কিন্তু আড়াই বছরেও তা কার্যকর হয়নি। এটি না হওয়ায় শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে।হা-মীম গ্রুপের পরিচালক খায়রুল বাশার বলেন, সামাজিক স্বার্থ পুরোপুরি প্রতিপালনের জন্য শ্রমিকের কর্মঘণ্টা, শ্রমিক অসন্তোষ, পরিবেশ, আগুন লাগা, মজুরির প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন।আরও বক্তব্য দেন নর্দার্ন গ্রুপের উপদেষ্টা ইসমাইল হোসেন খান, পলমল গ্রুপের মহাব্যবস্থাপক সৈয়দ আনোয়ার সাবির, পিভিএইচের জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা জিয়া আহাদ ও লিফট স্ট্যান্ডার্ডসের পরিচালক ভন মিজল্যাফ। বাংলাদেশে এপির ব্যুরোপ্রধান ফরিদ হোসেন বৈঠকটি সঞ্চালনা করেন।