ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাটালানসহ অন্যান্য ব্রিটিশ পোশাক ক্রেতাপ্রতিষ্ঠানকে বাংলাদেশের রানা প্লাজা ক্ষতিপূরণ তহবিলে অর্থ দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে খোদ ব্রিটিশ সরকার।
ল্যাঙ্কাশায়ারভিত্তিক ম্যাটালান স্বীকার করেছে, তাদের পোশাক ধসে পড়া রানা প্লাজার তৃতীয় তলায় তৈরি হতো। কিন্তু তারা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে গঠিত ক্ষতিপূরণ তহবিলে অর্থ দিতে অস্বীকার করছে।
অর্থ না দেওয়ার কারণ হিসেবে ম্যাটালান বলছে, রানা প্লাজা যখন ধসে পড়ে, তখন তারা সেখানে কাপড় নেয়নি এবং ইতিমধ্যে তারা রানা প্লাজায় কর্মরত মায়েদের একটি স্বেচ্ছা তহবিলে অর্থ দিয়েছে।
আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে চিঠি দিয়ে ম্যাটালানসহ বেশ কয়েকটি ক্রেতাপ্রতিষ্ঠানকে এই তহবিলে অর্থ দিতে বলেছেন।
তবে শ্রমিক অধিকারবিষয়ক কর্মীরা বলছেন, ম্যাটালান যে পরিমাণ অর্থ দিয়েছে, তা রানা প্লাজায় নিহত ও আহত শ্রমিকদের পুরো ক্ষতিপূরণের প্রয়োজনীয় অর্থের জন্য যথেষ্ট নয়। তাদের হিসাব অনুযায়ী, এই তহবিলে ম্যাটালানের দেওয়া উচিত ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪০ কোটি টাকা)। এই অর্থ যদি তারা দেয়, তাহলে রানা প্লাজা ক্ষতিপূরণ তহবিলের প্রয়োজনীয় অর্থ উঠে আসবে।
ব্রিটিশ উন্নয়নমন্ত্রী অবশ্য পরিষ্কার করে জানাননি, কোন ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে তিনি চিঠি দিয়েছেন।
এখন পর্যন্ত রানা প্লাজা ক্ষতিপূরণ তহবিলে জমা পড়েছে ১৭ মিলিয়ন ডলার, যা মোট তহবিল ৪০ মিলিয়ন ডলারের অর্ধেকেরও কম। সূত্র: গার্ডিয়ান৷