
রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বনশ্রী ঢোকার মুখে একটি দোকানে ফল বিক্রি করেন আবদুর রহমান। এমনিতে সারা দিনে দুই থেকে তিন হাজার টাকার ফল বিক্রি হয় তাঁর। কিন্তু গতকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত বিক্রি হয়েছে কেবল দুই-তিন কেজি আপেল আর এক কেজি কমলা।
আবদুর রহমান জানালেন, অন্যান্য হরতাল-অবরোধের দিনের তুলনায় গতকাল রামপুরা ব্রিজে লোকসমাগম বেশি। কিন্তু বেচাবিক্রি সে অনুযায়ী ভালো না। তাঁর ভাষায়, ‘মনে হইতাসে লোকজন ফল কিনাই ছাইড়া দিতাসে’।
এ তো গেল একজন ফল ব্যবসায়ীর বেচাবিক্রির দুর্দশার কথা। রামপুরা ব্রিজ ধরে ১০ মিনিট হাঁটলেই মধ্য বাড্ডা। সেখানে রাস্তার পাশেই পাশাপাশি দুটি বিপণিবিতান হাশেম আলী খান মার্কেট এবং হাজী নূরনবী সুপার মার্কেট। ওই এলাকায় এগুলো ‘গরিবের মার্কেট’ নামে পরিচিত। বিপণিবিতান দুটির বিপরীত পার্শ্বে বড় একটি পোশাক কারখানা থাকায় এখানকার দোকানগুলোতে বিক্রিও বেশ।
তবে এখন বেচাকেনায় মন্দা। শুনুন শামসুল আলমের মুখেই, ‘আগে প্রত্যেক দিন তিন-চার হাজার ট্যাকার কাপড় বেচতাম। কোনো কোনো দিন বিক্রি করছি সাত-আট হাজার ট্যাকার। কিন্তু এখন এক হাজার টাকা বেচতেও কষ্ট হইয়া যায়। কাস্টমারই আসে না’। হাশেম আলী খান মার্কেটে থ্রি-পিস, থানকাপড়সহ মেয়েদের নানা ধরনের পোশাক বিক্রি করেন তিনি।
এক মাস ধরেই টানা অবরোধ আর হরতালে নাভিশ্বাস উঠেছে ফুটপাতের কিংবা রাস্তার ধারের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের। হরতালে দেশের সব স্তরের ব্যবসা-বাণিজ্য প্রভাবিত হলেও বড় ক্ষতির মুখে পড়েছেন হাজার হাজার মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ী।
এর চেয়েও খারাপ অবস্থা রাজধানীর বিপণিবিতানগুলোর। হরতালে বিপণিবিতান এবং শো-রুমগুলো বন্ধ রাখা হলেও অবরোধে তা খোলা রাখছেন মালিকেরা। কিন্তু হঠাৎ করেই যেন কমে গেছে ক্রেতার সংখ্যা।
এক দিনের হরতালে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঠিক কত টাকার ক্ষতি হয় তার একটি হিসাব রয়েছে ঢাকা চেম্বারের কাছে। সংগঠনটির হিসাবে, পাইকারি বাজার, শপিং মল, শো-রুম, মাঝারি ও ক্ষুদ্র্র দোকানে প্রতিদিন ৬০০ কোটি টাকার ক্ষতি হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, এক দিনের হরতালে সারা দেশের ২০ লাখ দোকানের অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়।
আর জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) ২০০৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বাভাবিক দিনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী যত টাকার পণ্য বিক্রি করেন, হরতালে এর চেয়ে ৫০ থেকে ৬০ শতাংশ কম পরিমাণ পণ্য বিক্রি হয় তাঁর।
গত কয়েক দফার অবরোধে রাজধানীতে গাড়ি যেমন কম চলাচল করেছে, তেমনি মানুষজনের চলাফেরাও ছিল কম। সে তুলনায় গতকাল অনেক ব্যস্ত ছিল ফার্মগেট এলাকা। যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক দিনের মতোই।
কিন্তু তাতে কী। সকাল থেকে দোকান খোলা রেখে মাত্র একটি প্যান্ট বিক্রি করতে পেরেছেন ফার্মগেট ওভারব্রিজের নিচের ফুটপাতের প্যান্ট বিক্রেতা মোহাম্মদ জমির। তবুও তিনি খুশি। কারণ আগের দিন মঙ্গলবার এ সময় পর্যন্ত একটি প্যান্টও বিক্রি হয়নি তাঁর। সাংবাদিক পরিচয় দেওয়ার পর কিছুক্ষণ আক্ষেপ করলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। একপর্যায়ে বলেই ফেললেন, ‘আমি কোনো পার্টি করি না, আমার পেটে লাত্থি পড়ে ক্যান?’
রাজধানীর ইসলামপুরে ছোট-বড় চার হাজারের মতো কাপড়ের পাইকারি দোকান আছে। সেখানকার ব্যবসায়ীরা জানালেন, এই বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার কাপড়ের ব্যবসা হয়। তবে হরতাল-অবরোধে চিত্র পুরোই ভিন্ন। হরতাল কিংবা অবরোধ দুটোই এখানকার ব্যবসায়ীদের কাছে একই রকম। দুই কর্মসূচিতেই তাদের দোকানে ক্রেতা থাকে না। পার্থক্য কেবল হরতালে দোকান বন্ধ থাকে আর অবরোধে তা খোলা রাখা হয়।
ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার ঢালী প্রথম আলোকে বলেন, ‘মাসে যদি ২০ দিন হরতাল-অবরোধে দোকান বন্ধ থাকে তাইলে তো ব্যবসা করা যায় না। এভাবে চলতে থাকলে দুই-চারজন বড় ব্যবসায়ী ছাড়া সবারই ব্যবসা গুটাইয়া ফেলতে হইব।’
নবাবপুরে ছোট-বড় আড়াই হাজার দোকান আছে, যাঁরা ঢাকাসহ সারা দেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে ইলেকট্রিক্যাল পণ্য বিক্রি করেন। ব্যবসাীরা জানান, হরতাল-অবরোধে পাইকাররা এখান থেকে পণ্য কিনতে আসতে পারেন না।
মালিবাগ সুপার মার্কেটের মিশি ফ্যাশনসে বিক্রি হয় পুরুষের পোশাক। অবরোধে দোকান খোলা রাখা হচ্ছে প্রতিদিনই। কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি তেমন নেই।
দোকানের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেচাকেনা আগের চেয়ে ৮০ থেকে ৯০ শতাংশ কমে গেছে। ক্রেতারা এখন মার্কেটে আসার সাহস করছেন না। বেচাবিক্রি হলে কিছু লাভ হয়। কিন্তু বিক্রিই তো নেই। তার ওপর কর্মচারীর বেতন ও বিদ্যুৎ দিতে হচ্ছে’।
রাজধানীর নিউ মার্কেটে ছোট-বড় মিলিয়ে দোকান আছে ৪৭৫টি। এর বাইরে মার্কেটের ভেতরেই চৌকি পেতে কাপড়, বাচ্চাদের পোশাক, চুড়ি-গয়নাসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির হিসাবে, এই মার্কেটের দোকানগুলোতে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকার পণ্য বিক্রি হয়। কিন্তু অবরোধে ক্রেতার অভাবে বিক্রিতে ভাটা পড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির হিসাবে, ঢাকায় সাড়ে সাত শ স্বর্ণালংকারের দোকান রয়েছে। সমিতির নেতারা বলছেন, হরতাল-অবরোধে নিরাপত্তাহীনতায় অনেকেই দোকান খোলা রাখার সাহস করছেন না। আর খোলা রেখেও লাভ হচ্ছে না। কারণ এই অস্থিরতার মধ্যে দরকার না হলে ক্রেতারা স্বর্ণালংকারের মতো শৌখিন পণ্য কিনতে আগ্রহী হচ্ছেন না।