এ সপ্তাহের সাক্ষাৎকার: পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা, নতুন বাজার খোঁজাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু
ক্রেতারা আমাদের পণ্য সম্পর্কে জানে না

প্রথম আলো: ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে দুই হাজার ৭০১ কোটি ডলার। এতে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
শুভাশীষ বসু: রপ্তানি আয়ে আমরা সন্তুষ্ট। তা ছাড়া গত ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে সর্বশেষ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৮ শতাংশ। সেই হিসাবে দেশের পণ্য রপ্তানির আয় সুসংহত অবস্থানে আছে। এই ধারা অব্যাহত থাকলেই চলতি অর্থবছর শেষে সফল মাইলফলক হবে। তা ছাড়া বাংলাদেশের মোট রপ্তানির ৭৩ শতাংশই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশ ও আমেরিকায় হয়। তবে এসব দেশে চলমান মন্দার জন্য রপ্তানি না বাড়লেও কমছে না। তার কারণ হচ্ছে, আমাদের রপ্তানিকৃত পণ্য বেশির ভাগই ‘বেসিক প্রোডাক্ট’। যা কিনা মানুষের দৈনন্দিন প্রয়োজন হয়।
প্রথম আলো: চলতি ২০১৩-১৪ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৫০ কোটি ডলার। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন কি সম্ভব?
শুভাশীষ বসু: বিগত কয়েক বছর ধরেই আমরা সর্বোচ্চ পরিমাণ রপ্তানি আয় করে চলেছি। তবে লক্ষ্যমাত্রা নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেন একটি নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রচেষ্টা চালাতে পারি। বরাবরের মতো এবারও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তাই সবাইকে নিয়েই যতদূর সম্ভব লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হবে।
প্রথম আলো: বেশ কিছু দিন ধরেই ইপিবি নতুন বাজার বা ক্রেতা দেশ খুঁজছেন। এ ক্ষেত্রে সমস্যা কী। আর অগ্রগতিই বা কতদূর?
শুভাশীষ বসু: বাইরের দেশে আমাদের পণ্যের পরিচিতি নাই। ক্রেতারা আমাদের সম্পর্কে জানে না। এটাই মূল সমস্যা। এ জন্য বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো, উভয়পক্ষের মধ্যে আলাপ-আলোচনা, সেমিনার ও মেলা আয়োজন দরকার। ইতিমধ্যে আমরা লাতিন আমেরিকার ব্রাজিল, কলোম্বিয়া ও চিলিসহ বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছি। সেখানে বেসরকারি খাতের লোকজন ছিল। বি টু বি মিটিং করেছি। তা ছাড়া জাপান ও রাশিয়ার নতুন বাজারে আমরা ভালো করছি। জাপানে তৈরি পোশাক, পাদুকা, চামড়াজাত পণ্য রপ্তানি হচ্ছে। আর রাশিয়ায় রপ্তানি হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য ও ওষুধ। তা ছাড়া আফ্রিকার সেনেগাল, ঘানা, লাইবেরিয়া ও আইভোরি কোস্টসহ কয়েকটি দেশে আমরা প্রতিনিধিদল পাঠিয়েছি। সেখানে তৈরি পোশাক রপ্তানি শুরু হয়েছে, তবে পাটজাত পণ্য ও জুসসহ অনেক পণ্য রপ্তানির সুযোগ আছে।
প্রথম আলো: দেশের বাইরে মিশন নিয়ে রপ্তানিকারকেরা সব সময় অভিযোগ করেন—তাঁরা সঠিকভাবে কাজ করছেন না কিংবা তাঁরা অদক্ষ। প্রকৃতপক্ষে মিশনগুলো কী করছে। ইপিবির পক্ষ থেকে কি কোন তদারকির ব্যবস্থা আছে?
শুভাশীষ বসু: মিশনগুলোকে একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়। কোনো কোনো দেশে সেটি অর্জিত হয়, আবার কোথাও ব্যর্থ হয়। আসলে ক্রেতারা আমাদের পণ্য কতটা পছন্দ বা অপছন্দ করল সেটাই এখানে মুখ্য। মিশনের কর্মকর্তারা তো আর ব্যবসা করবেন না। তাদের দায়িত্ব দেশের ব্যবসায়ীদের ওই সব দেশে নিয়ে যাওয়া। ক্রেতাদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ করে দেওয়া। এটি করতে পারলেই কিন্তু দেশের ব্যবসায়ীরা উপকৃত হন। তারপর আমরা মিশনগুলোর মাসিক প্রতিবেদন দেখি। মূল্যায়ন করি। রপ্তানি বাড়াতে বিভিন্ন ধরনের পরামর্শ দিই।
প্রথম আলো: রপ্তানিতে পণ্য বৈচিত্র্য বাড়াতে ‘এক জেলা এক পণ্য’ কার্যক্রম শুরু করেছিল ইপিবি। এটির অগ্রগতি বা সাফল্য কেমন?
শুভাশীষ বসু: কার্যক্রমটি চলছে। একসঙ্গে সবগুলো করা সম্ভব হচ্ছে না। আর্থিক প্রতিবন্ধকতা আছে। তাই একটা-দুইটা করে হচ্ছে। দিনাজপুরের পাঁপড় ও মৌলভীবাজারের আগর নিয়ে কিছু কাজ হয়েছে। পাঁপড়ের রপ্তানি সম্ভাবনা অত্যন্ত উঁচু। সম্প্রতি রাবার নিয়ে কাজ হচ্ছে। এ খাতের বিভিন্ন সমস্যা সমাধান করতে একটি প্রতিবেদন সরকারকে দেওয়া হবে। তা ছাড়া রাবার চাষের জন্য দক্ষতা উন্নয়নের চেষ্টা চলছে।
প্রথম আলো: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে দেশটির সরকার। আসলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে?
শুভাশীষ বসু: আমাদের মোট রপ্তানি পণ্যের মাত্র ২১ শতাংশ যায় আমেরিকায়। এর মধ্যে আবার ৮৭ শতাংশই তৈরি পোশাক, যা জিএসপি সুবিধা পায় না। আাাবার যেসব রপ্তানি পণ্য জিএসপি সুবিধা পায় সেগুলোর মূল্য ও পরিমাণ কোনোটাই উল্লেখযোগ্য নয়। তাই জিএসপি স্থগিতে দেশের রপ্তানি খাত খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।
প্রথম আলো: কয়েক মাস ধরেই দেশে রাজনৈতিক অস্থিরতাও চলছে। এতে পণ্য রপ্তানি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে?
শুভাশীষ বসু: ক্ষতির বিষয়টি এ মুহূর্তে বলা মুশকিল। শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত আছে। প্রবৃদ্ধিও অর্জিত হচ্ছে।