ক্রেতারা চাইলে অন্য কারখানাও পরিদর্শন করবে অ্যাকর্ড
চুক্তিবদ্ধ বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান চাইলে তাদের সরবরাহ ব্যবস্থায় থাকা যেকোনো কারখানা পরিদর্শন করবে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। সেটি সুতা, কাপড়, সরঞ্জাম বা এক্সেসরিজ, মোড়কীকরণ বা প্যাকেজিং, পাদুকা, চামড়াজাত পণ্য উৎপাদনকারী যেকোনো কারখানা হতে পারে।
অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ গতকাল রোববার এক ই-মেইল বার্তায় প্রথম আলোকে এই তথ্য দেন। তিনি জানান, চুক্তিবদ্ধ সদস্যরা চাইলে তাদের পণ্য সরবরাহকারী কারখানার সহযোগী প্রতিষ্ঠানও পরিদর্শনের আওতায় আনা হবে। অ্যাকর্ডের নতুন সংস্করণে এমন সুযোগ রাখা আছে। তবে বর্তমানেও এমন ধারা আছে বলে দাবি করেন তিনি।
অবশ্য রব ওয়েজ জানান, পোশাকশিল্পের বাইরে অন্য কারখানা কীভাবে পরিদর্শনের আওতায় আনা ও বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আগামী বছরের মে মাসে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করবে। নতুন সংস্করণ অনুযায়ী চুক্তিবদ্ধ কোম্পানির পোশাক কারখানা যাদের সঙ্গে ব্যবসা করে, সেসবের বিস্তারিত তালিকা অ্যাকর্ডকে জানাতে হবে।
এদিকে অ্যাকর্ডের নতুন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাকশিল্পের সরবরাহ ব্যবস্থায় থাকা অন্য কারখানা পরিদর্শনের আওতায় আনবে অ্যাকর্ড। আবার অ্যাকর্ড বলছে, সরকারের কোনো সংস্থা সক্ষমতা অর্জন করলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ২০২১ সালের পর চলে যাবে। কথা হচ্ছে, একের পর এক কাজের আওতা বাড়ানো হলে অ্যাকর্ডের কাজ কোনো দিনই শেষ হবে না।