
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বয়স এরই মধ্যে দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর মেলা এখনো জমেনি। বেচাবিক্রিও কম।
চলমান টানা অবরোধের কারণে মেলায় ক্রেতা-দর্শনার্থী এমনিতেই কম আসছেন। তবে যাঁরা আসছেন, তাঁদের একটি বড় অংশই মেলায় আসছেন ঘুরতে। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। কিন্তু পণ্য কিনছেন কম।
একদিকে ক্রেতা-দর্শনার্থীর ভিড় কম, অন্যদিকে বিক্রিও হচ্ছে কম। আর এটি দুশ্চিন্তায় ফেলেছে স্টলগুলোর কর্মী ও ইনচার্জকেও। তাঁরা বলছেন, গত বছর বাণিজ্য মেলা যখন শুরু হয়, তখনো নির্বাচনকে ঘিরে অস্থিরতা চলছিল। কিন্তু কয়েক দিন পরই তা কেটে যায়। মেলাও জমে ওঠে। কিন্তু এবার মেলা শুরুর পরই হরতাল-অবরোধ শুরু হয়। অবরোধ এখনো চলছে। ফলে লোকজন মেলায় আসছে কম।
মেলার সদস্যসচিব মোহাম্মদ রেজাউল করিমও মানলেন রাজনৈতিক অস্থিরতাই ক্রেতা কমিয়ে দিয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ক্রেতা-দর্শনার্থীর আগমন যতটা হবে আশা করা হয়েছিল, এখনো ততটা হচ্ছে না। তার পরও তা মোটামুটি সন্তোষজনক পর্যায়ে আছে। ব্যবসায়ীরা হতাশার সুরে বলছেন, বেচাবিক্রি খুবই কম।
গত ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মেলা শুরু হয়। গতকাল মঙ্গলবার ছিল মেলার ১৩তম দিন।
রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ঘুরে দেখা গেছে, মেলায় ক্রেতা-দর্শনার্থী আসছেন কম। আর যাঁরা আসছেন, তাঁদের বেশির ভাগই এসেছেন দল বেঁধে। তাঁরা বিভিন্ন স্টল ঘুরে দেখছেন, কিন্তু কিনছেন কম।
দুপুরে প্রায় ১৫ মিনিটের মতো এই প্রতিবেদক জেনিসের স্টলে ছিলেন। এ সময় মাত্র একজন ক্রেতাকে স্যান্ডেল কিনতে দেখেন তিনি। ওই ক্রেতা বলেন, ‘১ হাজার ৫০ টাকা দিয়ে স্যান্ডেল কিনলাম। দামের সঙ্গে মিলেছে, তাই কিনেছি।’
ওই স্টলের ইনচার্জ এনামুল হক বলেন, ‘অবরোধে এবার আমাদের বেচাবিক্রি একদম নেই। গত বছর এ সময়ে যত পণ্য বিক্রি করেছিলাম, এবার তার ৩ ভাগের ১ ভাগও হয়নি। ঢাকার বাইরের ক্রেতারা আসতে পারছেন না। আর ঢাকার ক্রেতারা মেলায় আসছেন ঘুরতে, কিনছেন না।’
তবে এর মধ্যেও ভিন্ন চিত্র দেখা গেল ক্রোকারিজের দোকানগুলোতে। সেখানে নারী ক্রেতাদের ভিড়ই বেশি। তাঁরা দৈনন্দিন কাজের প্রয়োজনীয় এটা-সেটা দেখছেন, কিছু কিছু কিনেছেনও।
মেলায় রংপুরের কারুপণ্যের একটি স্টল রয়েছে, নাম শতরঞ্জি। এই স্টলে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। সেখানে শতরঞ্জি বিক্রি হচ্ছে ‘একটি কিনলে একটি ফ্রি’ হিসেবে। আর এটিই ক্রেতার মনোযোগ আকৃষ্ট করেছে। শতরঞ্জি বিক্রিও হচ্ছে ভালো।
এবারের মেলায় বিদেশি প্যাভিলিয়নগুলোর জন্য আলাদা জোন করে দেওয়া হয়েছে। ভারতীয়, পাকিস্তানি, ইরানি ও থাইল্যান্ডের প্যাভিলিয়নগুলোতেও ক্রেতাদের ঢুঁ মারতে দেখা গেছে। তবে সেখানেও বিক্রি কম।
আবার বিদেশি প্যাভিলিয়নগুলোতে বিক্রি হওয়া পণ্যের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতা-দর্শনার্থীদের কেউ কেউ। তাঁদের কয়েকজনের অভিযোগ, বিদেশি প্যাভিলিয়নগুলোতে যেসব পাদুকা প্রদর্শিত হচ্ছে, তার অনেকগুলোই স্থানীয় পাদুকা, মানও ভালো নয়।
প্রতিবারই মেলার শেষ সপ্তাহে এসে মেলার সময় বাড়ানোর দাবি তোলা হয়। এবারের রাজনৈতিক অস্থিরতার কারণে এ দাবিটি জোরালো হতে পারে বলে কয়েকটি স্টলের কর্মী-ব্যবস্থাপকেরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব রেজাউল করিম বলেন, মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তেমন চিন্তাভাবনাও আপাতত নেই। তা ছাড়া ব্যবসায়ীরাও এখনো এমন কোনো দাবি জানাননি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অবশ্য মেলা শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, মেলা এক মাসই চলবে। সময় বাড়ানো হবে না।