বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী
ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে না
প্রথম আলো: একের পর এক হরতাল দেওয়া হচ্ছে। রাজনৈতিক সহিংসতাও বেড়ে যাচ্ছে। এর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতের ওপর?আব্দুস সালাম মুর্শেদী: হরতাল ও রাজনৈতিক সহিংসতায় সামগ্রিক অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব পড়ে। রপ্তানি খাতও এর বাইরে নয়। উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পণ্য সময়মতো জাহাজীকরণ করা যাচ্ছে না। বড় বড় প্রতিষ্ঠান কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করে আকাশপথে পোশাকপণ্য পাঠালেও ছোট প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। অনেকের পক্ষে বাড়তি ট্রাক ভাড়া দেওয়াই কঠিন হয়ে গেছে। অন্য সময় হরতালের আগে রাতের বেলা ট্রাক চলাচল করলেও এখন সেটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কাঁচামাল বা পণ্যসহ ট্রাক পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ রকম চললে অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যেতে বাধ্য। এটা তো গেল রপ্তানি জাহাজীকরণের দিক। আবার দেশের ভেতরে কাঁচামাল ও পণ্য সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যেমন, টঙ্গীর কারখানায় কাপড় ডাইং-প্রিন্টিং করানো হলেও হরতালের কারণে তা সময়মতো গাজীপুরে মূল কারখানায় আনা যাচ্ছে না। সুতরাং, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ও কার্যাদেশ হারানোর বিরাট ঝুঁকি তৈরি হয়েছে।প্রথম আলো: তাহলে কী এই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে যে ক্রেতারা বিশেষত তৈরি পোশাক খাতের ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে?আব্দুস সালাম মুর্শেদী: না, আমি তা মনে করি না। ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে না। তবে কার্যাদেশ কমবে। কিছুটা কমছেও। আসলে বাংলাদেশি পণ্যের ক্রেতারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল। তাই তারা কিছুটা কম কার্যাদেশ দেবে, যেন সময়মতো পণ্যটা তাদের কাছে পৌঁছানো যায়। হরতালে বা রাজনৈতিক অস্থিরতায় যেহেতু উৎপাদন ব্যাহত হয়, সেহেতু তারা এটা করবে। যেমন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ একটু বেশি হয় বলে কোনো কোনো ক্রেতা কার্যাদেশ দেওয়ার সময় আমাদের বলে যে আমরা যেন আশুলিয়ার বাইরের কারখানায় কাজ করাই। আসলে এটা তো একটা সমন্বিত সরবরাহ প্রক্রিয়ার বিষয়। আবার বাংলাদেশি প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা যেকোনোভাবেই পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সচেষ্ট থাকে। ক্রেতারাও এটা জানে। তা ছাড়া প্রতিযোগিতামূলক দরে বাংলাদেশ থেকে যেভাবে পণ্য পাওয়া যায়, সেটাও তাদের জন্য একটা সুবিধা। ক্রেতাদের আস্থা অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশি ব্র্যান্ডের বৈশ্বিক বাজার অনেক বড়। আর তাই, ক্রেতা হারানোর বড় ধরনের আশঙ্কা নেই।প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা থেকে উত্তরণের উপায় কী? আপনারাই বা কী করছেন?আব্দুস সালাম মুর্শেদী: আসলে খুব সহজে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নেই। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, সরকারের মেয়াদ যত শেষের দিকে আসবে, তত এ ধরনের অস্থিরতা বাড়বে, হরতাল আসবে—এ বিষয়গুলো আমরা ব্যবসায়ী-উদ্যোক্তারা মোটামুটি মেনে নিয়েছি। এগুলো জেনে-মেনেই এ দেশে ব্যবসা করছি। কারণ, এসব সত্ত্বেও বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। সামনে সম্ভাবনাও অনেক। তবে আমরা মনে-প্রাণে চাই যে রাজনৈতিক অস্থিরতা-বৈরিতা কমে আসুক, শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য পরিচালিত হোক। এ জন্য আমরা সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই যে সবাই মিলে হরতালের বিকল্প যেন তারা বের করে। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি এমন হোক, যার কারণে কলকারখানার উৎপাদন বন্ধ বা ব্যাহত হবে না, রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণে সমস্যা হবে না।প্রথম আলো: আপনারা তো অবকাঠামোর সমস্যার কথাও বলে আসছেন। এ ক্ষেত্রে অগ্রগতি কতদূর হয়েছে?আব্দুস সালাম মুর্শেদী: জ্বালানি-বিদ্যুতের সমস্যা আছে, যোগাযোগ অবকাঠামোর সমস্যা আছে, আছে ভৌত অবকাঠামোর তথা বন্দরের সমস্যা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। রেল যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা খুবই প্রয়োজন। কেননা, রেলপথ তুলনামূলকভাবে নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী। সর্বোপরি একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বা মংলা বন্দরকে সেদিকেই নিয়ে যেতে হবে। এ জন্য বাইরের বিনিয়োগ আনা যেতে পারে।