ক্রেতারা ব্যবসা গোটালে শাস্তি পাবে ক্ষতিগ্রস্তরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার পোশাক কারখানা ধসের পরিপ্রেক্ষিতে কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরই শাস্তি দেবে, দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের নয়।

এমনটাই মনে করে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া চ্যাপ্টার। ঢাকা, নমপেন ও জাকার্তা থেকে গতকাল মঙ্গলবার একযোগে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিষয়টি উল্লেখ করে টিআইবি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে। চ্যাপ্টার বলতে কোনো দেশে টিআইবির স্থানীয় অথচ স্বতন্ত্র প্রতিষ্ঠানকে বুঝিয়ে থাকে।

বিবৃতিতে বাংলাদেশের পোশাককর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার এবং স্থানীয় বিভিন্ন পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে আহ্বান জানানোর কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে নিহত হয়েছেন এক হাজার ১৩০ জন শ্রমিক।

যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শ্রমিক অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার অভিযোগে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে তা কর্মীদেরই বিশেষ করে নারী কর্মীদের শাস্তি দেওয়া হবে। আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উচিত হবে, এ ধরনের ক্ষতির বিকল্প হিসেবে পোশাক শিল্প-কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সঙ্গে একযোগে কাজ করা।

ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘সাভার ট্র্যাজেডির ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগে ভীতি সঞ্চারিত করা নয়, বরং দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার বিষয়টিই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’