ক্রেতারা ব্যবসা সরাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত শুক্রবারের জঙ্গি হামলার ঘটনায় বিদেশি ক্রেতারা ব্যবসা সরাবেন না বলে মনে করছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
ঈদুল ফিতর সামনে রেখে রপ্তানিমুখী পোশাকশিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আশাবাদ জানিয়েছে সংগঠনটি। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ের গতকাল সোমবার এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জঙ্গি হামলার পর বিদেশি ক্রেতাদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘জঙ্গি হামলার ঘটনায় কী ধরনের প্রভাব পড়বে, সেটি বলার সময় এখনো হয়নি। তবে সাময়িক কিছু প্রভাব পড়তে পারে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ সমস্যা দ্রুত কাটিয়ে উঠব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরকার কার্যকর উদ্যোগ নেবে।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য যাঁরা কেনেন, তাঁরা আমাদের জানিয়েছেন, এ দেশ থেকে ব্যবসা সরাবেন না।’
প্রেস ব্রিফিংয়ের শুরুতে গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাঁদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
প্রেস ব্রিফিং শেষে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘ক্রেতাদের কাছ থেকে নেতিবাচক কোনো মন্তব্য আমরা পাইনি। তবে গুলশানের ঘটনায় সবাই গভীরভাবে শোকাহত।’ এ সময় তিনি আরও বলেন, ‘প্রতিনিয়তই বিদেশি কিছু ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়াচ্ছে। নিজস্ব অফিস করছে। জঙ্গি হামলার ঘটনার কারণে এসব ব্যাপারে ক্রেতারা এখন একটু ধীরগতিতে এগোতে পারেন বলে ধারণা করছি।’
এদিকে গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে অবস্থানরত তাদের কর্মকর্তাদের ভ্রমণ না করে বাড়িতে নিরাপদে অবস্থান করতে বলেছে। গুলশানের জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ নির্দেশ দিয়েছে।
ইউনিক্লো ব্র্যান্ডের এক প্রতিনিধির বরাত দিয়ে রয়টার্স জানায়, চীনের পর বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পোশাক আমদানি করে ইউনিক্লো। বাংলাদেশে বর্তমানে কোম্পানিটির ১০ জন জাপানি কর্মকর্তা আছেন।
সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম গত রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সম্পর্কে বলেছে, ‘পোশাক তৈরির উৎস দেশ পরিবর্তনে আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করব।’