ক্রেতাশূন্য পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যেখানে আগের কর্মদিবসে ছিল বিক্রেতাশূন্য, আজ তা হয়ে পড়েছে ক্রেতাশূন্য। এর ফলে একপর্যায়ে বেশির ভাগ প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ থাকে। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়। এতে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমে যায়।বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক দিনে যাঁরা শেয়ার কিনেছেন, আজ তাঁদের লাভ তুলে নেওয়ার প্রবণতার কারণে শেয়ার বিক্রিতে চাপ বেশি ছিল। অন্যদিকে ‘পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠন নিয়ে অনিশ্চয়তা রয়েছে’—এমন একটি গুজব আজ বাজারে ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়। ফলে বেশির ভাগ শেয়ারের দাম কমতে থাকে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৫৯.৬৫ পয়েন্ট বা ৬.৯২ শতাংশ কমে ৬১৭৯.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮৩ পয়েন্ট নেমে যায়। তবে কিছুক্ষণের মধ্যে সূচক ঘুরে দাঁড়িয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। তবে সূচক বাড়ার এই ধারা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা ১১টা ২০ মিনিটের পর থেকে দ্রুত কমতে থাকে সূচক, যা অব্যাহত থাকে দিনভর।লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০টির এবং কমে ২৪৫টি প্রতিষ্ঠানের দাম। আজ ডিএসইতে মোট এক হাজার ২৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২২৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জটিতে এক হাজার ৪৯২ কোটি টাকার লেনদেন হয়।এ দিকে আজ ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, জ্বালানিসহ প্রায় সব খাতের দরপতন হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট বা ১৩০০.৪৬ পয়েন্ট কমে ১৭৩৯৭.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে।আইসিবির প্রেস ব্রিফিং: ‘পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠনে অনিশ্চয়তা’ এমন একটি খবর পুঁজিবাজারে ছড়িয়ে পড়ার ব্যাপারে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফায়েকুজ্জামান তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।ব্রিফিংয়ে ফায়েকুজ্জামান বলেন, ‘আজ পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। এর কারণ জানা না গেলেও পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠনের অনিশ্চয়তার একটি গুজব বাজারে ছিল। বিষয়টি আদৌ সঠিক নয়। এটা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ফান্ডটি গঠনের ব্যাপারে সংশ্লিষ্ট সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’এক প্রশ্নের জবাবে ফায়েকুজ্জামান বলেন, ‘আমরা কোনো সময় বেধে দিচ্ছি না, কিন্তু সব আইনি ধাপ সম্পন্ন করে সম্ভব অল্প সময়ের মধ্যে ফান্ডটি বাজারে নিয়ে আসা হবে।’এ দিকে ফান্ডটির ওপর নির্ভর করে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে ফায়েকুজ্জামান বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ফান্ডটি আসার খবরে বাজার চাঙা হবে, আবার অনিশ্চয়তার খবর শুনলে দরপতন হবে—এমনটা ঠিক নয়।