ক্রেতাশূন্য বাজারে বস্তাবন্দী পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার দুপুরে কারওয়ান বাজারের কাঁচাবাজারে ঢোকার মুখেই রাস্তার ওপরে প্রায় ৬৪ বর্গফুট জায়গাজুড়ে চালকুমড়া পড়ে আছে। রীতিমতো ঢিবি হয়ে গেছে তাতে। সাধারণ দিনের এই সময়ে বাজারের মুখে এভাবে পণ্য রাখা হয় না। রাতে যখন ট্রাকে করে পণ্য আসে, তখন পথের মধ্যে বড় টিবি করে পণ্য রাখেন পাইকাররা। সকালের আলো ফোটার আগেই এই ঢিবিগুলো চলে যায় খুচরা বিক্রেতাদের ঝুড়িতে অথবা শহরের নিত্যপণ্যের ভ্যানে।

ঈদের পর প্রথম কার্যদিবসে ভোক্তা পর্যায়ের ক্রেতা তো বটেই অভাব ছিল খুচরা বিক্রেতারও। ফলে বাজারে পণ্য বিক্রি হয়েছে জলের দরে। অনেক পণ্য বস্তা থেকে বের করা যায়নি।

শুধু চালকুমড়া নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জায়গাটিতে ফলের বাজার বসে, সেই জায়গাজুড়েই সারা দিনই ছিল পটোল, বেগুন, কাঁকরোলের বস্তা বা প্লাস্টিকের ক্রেট। সেই পণ্য থেকে মুক্তি পেতে বিক্রেতারা এক জোড়া চালকুমড়া ৪০ টাকা এবং এক কেজি বেগুন ৩০ টাকা সাধছেন। তবে তাতেও সাড়া মিলছে না ক্রেতার।
বাজারের ভেতরেও একই চিত্র, ক্রেতার সংখ্যা যদি ১০ জন হয়, বিক্রেতা ৩০ জন। ফলে ঈদের আগে যে গ্রীষ্মকালীন সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি উঠেছিল, তা শিগগিরই ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে।

বাজারের পেছন দিকে সিটি করপোরেশনের যে রাস্তা সব সময় বিক্রেতাদের দখলে থাকে, তা–ও শূন্য প্রায়। একদম শেষের দিকে তিন কি চারটা দোকানে বিক্রেতা খুলেছেন দোকানের ঝাঁপি। তাঁদের একজন আবদুল হালিম। তিনি বলেন, ‘সকালের দিকে তা–ও কিছু ক্রেতা পাওয়া যায়, বেলা বাড়তে একদমই কেউ থাকে না। তাই বিক্রেতারা বসছেন না।’

সবজির মতো দাম পড়ে গেছে আদা, রসুন ও পেঁয়াজেরও। কারওয়ান বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৫০ টাকায়। আর যে চীনা আদার দাম ঈদের আগে ১৬০ টাকা ছিল, রোববার তা বাজারে বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। আমদানি করা রসুনের দাম নেমে গেছে ৯৫ টাকায়।
দীর্ঘদিন ধরে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে আটকে থাকা ব্রয়লার মুরগির দামও পড়তে দেখা যায় রোববারের বাজারে। এখনকার দর ১২০ টাকা কেজি, তবে সোনালিকা মুরগির দাম যথারীতি ২২০ টাকা কেজি।

বাজারে ক্রেতা কম থাকলেও অনেকে ব্যাগভরে বাজার করছেন। মগবাজার থেকে আসা সাগর আহমেদ বলেন, শাকসবজি কিনতে বাজার এসেছিলেন, কিন্তু দামে কম থাকায় পেঁয়াজ, আদা ও রসুন কিনে নেন। তাঁর মতে, এসব নিত্যপণ্য প্রতিদিন লাগে, তাই বেশি কিনলে ক্ষতি নেই।

এত কমের মধ্যেও বাজারে যথারীতি চাল, চিনি ও সয়াবিন তেলের দাম বাড়তি ছিল। এর মধ্যে নতুন করে বেড়েছে ডিমের দাম। ঈদের আগেও এক ডজন ডিমের দাম ছিল ৯৫ টাকা। রোববার কারওয়ান বাজারে এক ডজন ডিম ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হয়েছে।