
রিহ্যাবের চার দিনব্যাপী আবাসন মেলায় বিক্রির জন্য এবিসি রিয়েল এস্টেট ২০টি প্রকল্পের ২৩৮টি ফ্ল্যাটের প্রচারপত্র নিজেদের স্টলে প্রদর্শন করছে। তবে মেলার দ্বিতীয় দিন গতকাল বুধবার দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি। কারণ একটাই, মেলায় ক্রেতার দেখা নেই।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান এ মেলায় এবিসির মতো অংশ নেওয়া বাকি ৯০টি প্রতিষ্ঠানের অবস্থাও প্রায় একই রকম। ক্রেতাসংকটে সবাই হতাশ। এ জন্য অন্তত সাতটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোর সঙ্গে আলাপকালে মেলার সময়সূচিকেই দুষলেন। সাধারণত দুই দিনের সাপ্তাহিক ছুটিতে রিহ্যাব মেলা জমে ওঠে। তবে এবারে পাওয়া যাচ্ছে এক দিনের সাপ্তাহিক ছুটি—শুক্রবার। এদিনই শেষ হবে গত মঙ্গলবার শুরু হওয়া এই মেলা। তাই শনিবার না পেয়ে তাঁরা ক্ষুব্ধ।
জানতে চাইলে বিষয়টি স্বীকার করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, ‘মেলা গত শুক্রবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সফরের কারণে তা পিছিয়ে দিতে হয়। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানের অনুষ্ঠান থাকায় এই শনিবার আমরা আরেকটি সাপ্তাহিক ছুটি পাইনি।’ সব মিলিয়ে মেলা ঘিরে আবাসন প্রতিষ্ঠানগুলোর যে প্রত্যাশা, সেটি এবার ‘ধাক্কা’ খেতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, হাতে গোনা চার-পাঁচটি স্টলে ক্রেতারা খোঁজখবর নিচ্ছেন। অধিকাংশ স্টলেই কর্মকর্তা ও বিক্রয়কর্মীরা অলস সময় কাটাচ্ছেন, পরস্পরের সঙ্গে গল্পগুজব করছেন।
এদিকে ক্রেতা না থাকলেও আবাসন প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি কিন্তু কম নয়। অনেকেই ছোট, মাঝারি ও বড় আকারের রেডি বা সম্পূর্ণ তৈরি এবং নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করছে। বাণিজ্যিক স্থান এবং প্লটও বিক্রির জন্য নিয়ে এসেছে কয়েকটি প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী ও স্যানিটারি পণ্য বিক্রেতা এবং আবাসনের জন্য ঋণ সুবিধা দেয় এমন আর্থিক প্রতিষ্ঠানের ২৪টি স্টল আছে রিহ্যাবের এই মেলায়।
ডমিনো ডেভেলপমেন্টস ৮০ প্রকল্পের ৩৫০টি ফ্ল্যাট বিক্রির জন্য মেলায় প্রচারণা চালাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ফ্ল্যাটের আকার ৮৬৫ থেকে ৫ হাজার ৫৭৫ বর্গফুট। তাদের ফ্ল্যাটের বর্গফুটপ্রতি দাম হলো ধানমন্ডিতে প্রতি বর্গফুট ১৭ থেকে ১৮ হাজার, গুলশানে ২৩ হাজার, উত্তরায় সাড়ে ৮ হাজার থেকে সাড়ে ১২ হাজার, নয়াপল্টনে ৮ হাজার ২০০ থেকে সাড়ে ৮ হাজার, মগবাজারে ৭ হাজার ৮০০, মালিবাগে ৭ হাজার, ফার্মগেটে সাড়ে ৯ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকা।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির সহকারী বিক্রয় ব্যবস্থাপক আবদুল মতিন তালুকদার বলেন, ‘ক্রেতাদের বেশির ভাগই ৮০ থেকে ৯০ লাখ টাকার ফ্ল্যাট কিনতে চান। সে ধরনের অনেক ফ্ল্যাটই আমাদের আছে।’ মেলায় বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, গত ডিসেম্বরের মেলায় ১০টি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। তবে এবার সেটি হবে না মনে হচ্ছে। কারণ ক্রেতা নেই।
অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস গুলশান, বনানী, উত্তরা, লালমাটিয়া, মগবাজার ও খিলগাঁওয়ের ৪০টি ফ্ল্যাট প্রকল্প মেলায় প্রদর্শন করছে। প্রতিটি প্রকল্পের ছয়-সাতটি ফ্ল্যাট তারা বিক্রি করবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানালেন, গত মেলার মতো ক্রেতা নেই, বিক্রিও নেই।
ঢাকার পাশাপাশি চট্টগ্রামেরও ফ্ল্যাট নিয়ে এসেছে কয়েকটি প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে বসুধা বিল্ডার্স, তারা চট্টগ্রামের খুলশী, পূর্ব নাছিরাবাদ, নন্দনকানন, মুরাদপুর, পাহাড়তলী এলাকার ১৫ প্রকল্পের প্রায় ২০০ ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করছে। ১ হাজার ৫০ থেকে শুরু করে ২ হাজার বর্গফুটের এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের মূল্য ৪ থেকে ৭ হাজার টাকার মধ্যে।
সদ্যঘোষিত বাজেটে ছোট আকারের ফ্ল্যাট ক্রয়ে মূল্য সংযোজন কর (মূসক) কমানো হয়েছে। নতুন হার হচ্ছে, ১ হাজার ১০০ বর্গফুট পর্যন্ত দেড় শতাংশ কর দিতে হবে। রিহ্যাব জানিয়েছে, শামসুল আলামিন রিয়েল এস্টেট, অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস, ডমিনো ডেভেলপমেন্টস, বেঙ্গল ওয়ান ক্রিয়েশন, বসুধা বিল্ডার্স, আনোয়ার ল্যান্ডমার্ক, ফেয়ার বিল্ডার্স, সাগুফতা এন এম হাউজিং, স্কাই ভিউ ফাউন্ডেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের ছোট আকারের ফ্ল্যাট নিয়ে এসেছে মেলায়।
জানতে চাইলে রিহ্যাবের সভাপতি বলেন, ফ্ল্যাট কেনার এখনই সময়। কারণ কয়েক বছরের মন্দার কারণে ফ্ল্যাটের দাম অনেকটাই সংশোধন হয়ে গেছে। বর্তমানে দেশের অবস্থা স্থিতিশীল আছে। এতে চাহিদা বাড়বে। ফলে দাম আবার বেড়ে যেতে পারে।