
রাজনৈতিক অস্থিরতার মধ্যে কেবল সাপ্তাহিক ছুটির দুই দিনেই জমছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রচুর ক্রেতা-দর্শনার্থী আসছেন। এ সময় বেচাবিক্রি ভালো হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটছে। কিন্তু ছুটির পরদিন রোববার থেকেই তা আবার মিলিয়ে যাচ্ছে।
দুই সপ্তাহ ধরে এমনটাই দেখা যাচ্ছে। গতকাল রোববারও তার ব্যতিক্রম হয়নি। অন্য সময়ের চেয়ে কমসংখ্যক দর্শনার্থী মেলায় এসেছেন। সকালের চেয়ে বিকেলের দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়লেও অধিকাংশ স্টলই ফাঁকা দেখা গেছে।
এদিকে বরাবরের মতো এবারও রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতাসহ একাধিক বেসরকারি ব্যাংক মেলায় বিভিন্ন সেবা নিয়ে হাজির হয়েছে। ফলে ক্রেতা-বিক্রেতারা মেলা প্রাঙ্গণেই কোনো ঝুঁকি ছাড়াই টাকা জমা ও উত্তোলন করতে পারছেন। আছে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ। এ ছাড়া মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের হিসাব খোলা ও কিছু ঋণসংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন করা যাচ্ছে এসব ব্যাংকের প্যাভিলিয়নে।
জনতা ব্যাংকের মিনি প্যাভিলিয়নে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ টাকা জমা দেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। তবে শুক্র ও শনিবার তা ৬০-৭০ লাখ টাকা ছাড়িয়ে যায়। আর ক্রেতা-দর্শনার্থীসহ যে কেউ জনতা ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। এ ছাড়া অন্য ৩২টি ব্যাংকের কিউ ক্যাশ ও ভিসা এটিএম কার্ড দিয়েও টাকা তুলতে পারেন গ্রাহকেরা।

ব্যাংকটির কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাধারণত ক্রেতার চেয়ে ব্যবসায়ীরাই বেশি আসছেন। তা ছাড়া মেলায় অংশ নেওয়া পারটেক্স ফার্নিচার, প্রাণ, সনি, ব্রাদার্স ফার্নিচার ও ঢাকা ডাইং জনতা ব্যাংকের করপোরেট গ্রাহক। এসব প্রতিষ্ঠান তাদের প্রতিদিনের বিক্রির অর্থ এখানে জমা দেন।
অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) প্যাভিলিয়নে টাকা জমার জন্য দুটি ক্যাশ ডিপোজিট ও উত্তোলনের জন্য চারটি এটিএম মেশিন আছে। এ ছাড়া কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য মেলায় ৫০টির বেশি স্টলের আছে ব্যাংকের পস (পয়েন্ট অব সেলস) মেশিন। একই সঙ্গে ডিবিবিএলের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে রানার অটোমোবাইলের মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ সাত হাজার টাকা এবং ওকে মোবাইল কিনলে তিন শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে।
এই ব্যাংকের কর্মকর্তারা জানালেন, ব্যবসায়ীরা ডাচ্-বাংলা ব্যাংকের প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে প্রায় ৭০ লাখ টাকা জমা দিচ্ছেন। অন্যদিকে উত্তোলন হচ্ছে ৩০ লাখ টাকার মতো। তবে শুক্র ও শনিবার ক্রেতার পাশাপাশি বিক্রি বেশি হওয়ায় জমা এবং উত্তোলনের পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যায়। এ ছাড়া তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিং হিসাব খোলা যায় এখানে।
ডিবিবিএলের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অনেক বিদেশি ক্রেতা-বিক্রেতা মেলায় এসে মানি এক্সচেঞ্জের সুবিধা চান। তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও এখানে সে সুবিধা নেই। এ ছাড়া ব্যাংকের প্যাভিলিয়নগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সে জন্য গ্রাহকদের হয়রানি হতে হয়। এই দুটি বিষয়ে মেলার আয়োজকদের গুরুত্ব দেওয়া উচিত।
মধুমতি ব্যাংকের প্যাভিলিয়নে টাকা জমা-উত্তোলনের পাশাপাশি হিসাব খোলা, ক্লিয়ারিংয়ের জন্য চেক জমা, এমনকি ঋণ প্রক্রিয়া করা যাচ্ছে। প্যাভিলিয়নের পাশেই থাকা এটিএম বুথে ৩৭টি ব্যাংকের ভিসা ও কিউ ক্যাশের কার্ড ব্যবহার করে গ্রাহকেরা অর্থ উত্তোলন করতে পারেন।
এ ছাড়া টাকা জমা, উত্তোলনসহ নানা সেবা নিয়ে মেলায় আছে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের আলাদা প্যাভিলিয়ন। মেলার মূল ফটকের বাঁ দিকে হাঁটলেই পাওয়া যাবে প্রাইম ব্যাংকের এটিএম বুথ। এ ছাড়া ই-শপের প্যাভিলিয়নে আছে ট্রাস্ট ব্যাংকের বুথ। সেখান থেকে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে পারছেন যে কেউ।