উত্তরবঙ্গের পঞ্চগড় ও লালমনিরহাট জেলায় বেসরকারি খাতের মাধ্যমে দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বাংলাদেশ-চীন যৌথ মালিকানায় এ দুই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
দুই বিদ্যুৎকেন্দ্রই হবে নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও) ভিত্তিতে এবং ২০ বছর মেয়াদে। এর মধ্যে পঞ্চগড়ের বিদ্যুৎকেন্দ্রটি হবে ৩০ মেগাওয়াটের, আর লালমনিরহাটেরটি ৫ মেগাওয়াটের।
বৈঠক সূত্র জানায়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শেখগঞ্জ এলাকায় বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনা কোম্পানি জিয়াংসু ঝংশিয়ান টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে ৩০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি করবে। এ কেন্দ্র থেকে সরকার ঘণ্টায় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ১১ টাকা ১২ পয়সা দরে।