ক্রয় কমিটিতে চার প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সীমান্ত এলাকার রাস্তাঘাটের উন্নয়নে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওরিয়েন্টাল কনসালট্যান্টস নামে একটি প্রতিষ্ঠান ২৩৬ কোটি টাকায় এ প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে।

সচিবালয়ে গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে শিল্পমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রকল্পটি এর আগে গত এপ্রিলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়।

বাংলাদেশের অবস্থান ভারত, নেপাল, মিয়ানমার ও ভুটানের মাঝামাঝি হওয়ায় এ দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ সীমান্ত এলাকার সড়কগুলো জরাজীর্ণ, সেতুর অবস্থাও খারাপ। এ কারণে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এটি বাস্তবায়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহায়তা দেবে।

ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়নসহ মোট চারটি প্রস্তাব ক্রয় কমিটির গতকালের বৈঠকে অনুমোদিত হয়। এর মধ্যে রয়েছে ‘হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ও কিশোরগঞ্জ জেলায় ভূগর্ভস্থ এবং ভূ-উপরিভাগস্থ সেচকাজের পানি অনুসন্ধানের জন্য সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব। ১৩ কোটি টাকায় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এ কাজটি পেয়েছে।

বৈঠকে ‘ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ’ প্রকল্পের প্যাকেজ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৬২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে আরএবি অ্যান্ড আরসি প্রাইভেট লিমিটেড।

‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষ জনশক্তি গড়ে তোলা নিশ্চিত করার বিষয়ে ২২ কোটি টাকায় ব্রিটিশ কাউন্সিল ও আহছানিয়া মিশনকে যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রয় কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় গতকাল। এ বৈঠকে ২০১৭ সালের জন্য সরকার টু সরকার পর্যায়ে ২৪ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কুয়েতসহ নয়টি দেশ থেকে এ জ্বালানি তেল আমদানি করা হবে।