ক্রয় কমিটিতে ছয় প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্সি সার্ভিসেসের পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৬৯ কোটি টাকা।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে ৭৯০ কোটি টাকা ব্যয়ের মোট ছয়টি প্রস্তাব অনুমোদিত হয়। যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান পদ্মা সেতু প্রকল্পের এ কাজের পরামর্শক নিয়োগ পেয়েছে।
বৈঠকে ঢাকা-আশুলিয়া এবং ইস্ট-ওয়েস্ট (মিড/আউটার রিং রোড) এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কাজ করার পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৬ কোটি ২২ লাখ টাকা।
জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকার আবদুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও পরে তা আর হয়নি। সম্প্রতি নতুন করে এ উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ।
ক্রয় কমিটির বৈঠক শেষে অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, বেলজিয়াম এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে।
অনুমোদিত ছয় প্রস্তাবের মধ্যে তিনটিরই বাস্তবায়নকারী সংস্থা রেলপথ মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে আখাউড়া-লাকসাম রেলপথের ডাবল লাইন করার পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ২৩১ কোটি টাকা। কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ার্সকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাকি দুটির একটি হচ্ছে ১২ কোটি টাকা ব্যয়ের ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণের পরামর্শক নিয়োগের প্রস্তাব। বাংলাদেশ ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যটি ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের পাবনা থেকে ঢালারচর পর্যন্ত অংশের দুটি সেতু নির্মাণের ঠিকাদার নিয়োগের প্রস্তাব। এতে ব্যয় হবে ১০৮ কোটি টাকা। দুই সেতু নির্মাণের কাজ পেয়েছে তমা কনস্ট্রাকশন।
বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন সিরাজগঞ্জে নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের চুক্তির বাইরে অতিরিক্ত কাজের জন্য ব্যয় বেড়েছে। আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৫১ কোটি ৪৩ লাখ টাকা। নতুন ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ২১ লাখ টাকা।