ক্রয় কমিটিতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। এ বিদ্যুৎকেন্দ্র দুটি হচ্ছে বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক ২৫০ মেগাওয়াট এবং চাঁপাইনবাবগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র। সচিবালয়ে গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৪০৮ কোটি টাকা। এর মধ্যে সরকার ২০৫ কোটি টাকার সংস্থান করবে। বাকি টাকা বিদেশি বিনিয়োগ হিসেবে আসবে। প্রকল্প নির্মাণের দায়িত্ব পেয়েছে কানাডার হারবিন কোম্পানি। এ ছাড়া টেন্ডার অর্থায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (ফায়ার্ড ইঞ্জিন জেনারেটিং সেটস) টার্নকি ভিত্তিতে বাস্তবায়নে দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে। চায়নার হুবেই ইলেকট্রনিকস পাওয়ার সার্ভে অ্যান্ড ডিজাইন লিমিটেড এটি নির্মাণ করবে। এর ব্যয় ধরা হয়েছে ৯৪৮ কোটি টাকা। নূরুল করিম জানান, বিসিআইসির আওতাধীন পে-অফকৃত ‘চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) আবার চালু করা হবে। এ জন্য আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে প্রাপ্ত দরে কার্যাদেশ বা চুক্তি সম্পাদনের অনুমোদন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য ২০ হাজার ৫০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স আবারও চালুর দায়িত্ব পেয়েছে একটি চীনা কোম্পানি। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য ২০ হাজার ৫০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্রয়ে ব্যয় হবে ১২৭ কোটি পাঁচ লাখ ৫২ হাজার টাকা। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কুমিল্লা এবং সিলেটের জন্য এসব কেনা হবে। ওরিয়েন্ট কম্পিউটার্স, ইউনিক বিজনেস, স্মার্ট টেকনোলজি, ফ্লোরা লিমিটেডসহ সাতটি প্রতিষ্ঠান এসব সরবরাহ করবে।