ক্রয় কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদিত
বরিশালে ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ঠিকাদার নিয়োগসহ ১৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকের জানান, বৈঠকে মোট ১৩টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজটি পেয়েছে ‘আইএসও টেক এসইপিসি টেলর পাওয়ার কনসোর্টিয়াম’। প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা।
মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য চারটি নদীর ওপর দিয়ে ১ হাজার ৬৩৫ মিটার ক্রসিং লাইন নির্মাণের একটি প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে। কাজ পেয়েছে পাঞ্জ লয়েড লিমিটেড ও রয়েল ইউটিলাইজেশন সার্ভিস (প্রাইভেট) লিমিটেড কনসোর্টিয়াম। এতে ব্যয় হবে ৩৯ কোটি ২৮ লাখ টাকা।
সাড়ে পাঁচ লাখ টন সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি এসএ’ কোম্পানি থেকে এক লাখ টন ডিএপি সার এবং দুই লাখ টন টিএসপি সার আমদানি করা হবে। একই প্রক্রিয়ায় তিউনিসিয়ার গ্রুপ চিমিক তিউনিসিয়ান থেকে আরও ২ লাখ ৫০ হাজার টন টিএসপি সার আসবে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব জানান, কম্পিউটার ল্যাব স্থাপনের আওতায় ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার, থ্রি-জি ওয়াইফাই রাউটার ও হেডফোন কেনা হবে।
পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের দ্বিতীয় ধাপের কার্যক্রমের আওতায় তিনটি বিভাগের জন্য ১৪ হাজার ট্রান্সফরমার ক্রয়ের তিনটি প্রস্তাব করা হয়েছে।
অতিরিক্ত সচিব জানান, অন্যান্য প্রস্তাবের মধ্যে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোর একটি প্রস্তাবে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৬৬ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার টন গম ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) থেকে ১ কোটি ৫০ লাখ কাট সাইজ বি-টুল বস্তা ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। ৫০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন প্রতি বস্তা ৭৪ টাকা দরে এতে মোট ব্যয় হবে ১১১ কোটি টাকা।