ক্রয় কমিটিতে ১৩ প্রস্তাব অনুমোদিত
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং সাড়ে ৪ লাখ বৈদ্যুতিক প্রিপেইড মিটার কেনাসহ ১৩টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সব প্রস্তাবে ব্যয় হবে ৪ হাজার ৯৩৩ কোটি টাকা।
সচিবালয়ে গতকাল রোববার ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটির প্রথমদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। কিছুক্ষণ পর তিনি অন্য একটি সভায় যোগ দিতে বৈঠক ছেড়ে যান। তখন সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠক শেষে জানানো হয়, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ ও বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের কাজটি যৌথভাবে পেয়েছে সিটিএম জেভি।
বৈঠকে পায়রা গভীর সমুদ্রবন্দর পরিচালনাবিষয়ক দুটি, ভেরিয়েশন প্রস্তাব তিনটি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিনটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।
এ ছাড়া বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লি এলাকায় অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিক সংযোগসহ ৬ ইউনিটবিশিষ্ট ২০তলা আবাসিক ভবন (ভবন নম্বর-১) নির্মাণের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাবও অনুমোদিত হয়। যৌথভাবে এ কাজ পেয়েছে সাজিন এন্টারপ্রাইজ ও জামাল অ্যান্ড কোম্পানি।