ক্রয় প্রক্রিয়ায় অভিযোগ সুইডিশ প্রতিষ্ঠানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সুইডেনভিত্তিক আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এক ই-মেইল বার্তায় এই অস্বচ্ছতার অভিযোগ তুলে ধরে সুইডিশ প্রতিষ্ঠান নরডিক গ্রোথ মার্কেট (এনজিএম)।

এদিকে এনজিএমের ‘অস্বচ্ছ ও পেশাদারহীন’ ক্রয় প্রক্রিয়ার অভিযোগের বিষয়ে ডিএসইর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে ডিএসইর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

বিএসইসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নরডিক যে অভিযোগটি তুলেছে, সেটি খুবই গুরুতর। এটি বিশ্বে বাংলাদেশের শেয়ারবাজারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ কারণে বিষয়টি বিএসইসি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ বিষয়ে স্টক এক্সচেঞ্জের বক্তব্য জানতে চেয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে লিখিত বক্তব্য পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানায় বিএসইসি সূত্র।

ডিএসইর প্রধান নির্বাহীদেশে না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারাও সরাসরি কোনো মন্তব্যকরতে রাজি হননি।

জানা গেছে, সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে লেনদেনের পদ্ধতি বা ‘ট্রেডিং সিস্টেম’ পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এবং ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রতিনিধির সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। পাশাপাশি বিশ্বের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানকে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা হয়। যদিও কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়া প্রতিষ্ঠানিক ও ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।

নানা পর্যায়ে বাছাই শেষে বর্তমানে চারটি প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ডিএসইর পক্ষ থেকে কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি। চূড়ান্ত কার্যাদেশ দেওয়ার বিষয়টি এখন ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএসইর লেনদেন যন্ত্র পরিবর্তন ও আধুনিকায়নের এ কাজে অর্ধশত কোটি টাকারও বেশি খরচ হতে পারে। তাই বিএসইসির পক্ষ থেকেও এ কাজের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে বিএসইসি এক চিঠির মাধ্যমে ডিএসইকে জানিয়েছে, নতুন ট্রেডিং সিস্টেম চালু ও এটির পুরো প্রক্রিয়া ‘পর্যালোচনা’ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে বলা হয়েছে।

যেহেতু এই প্রক্রিয়ার সঙ্গে বিপুল অর্থের বিষয়টি জড়িত রয়েছে, তাই কমিশনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্র জানায়।

প্রসঙ্গত, এর আগে কমিশন স্টক এক্সচেঞ্জের স্থায়ী সম্পত্তি ক্রয়-বিক্রয় ও স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থায়ী সম্পত্তি ক্রয়, বিক্রয় ও স্থানান্তর করা যাবে না। তবে জরুরি প্রয়োজন হলে সে ক্ষেত্রে বিএসইসির অনুমতি নিতে হবে।

এই নির্দেশনার মাধ্যমে বিপুল অর্থ ব্যয়ে রাজধানীতে ডিএসইর জমি ক্রয় ও নিকুঞ্জ ভবন সদস্যদের মধ্যে ভাগবাঁটোয়ারার উদ্যোগ থামানো হয়েছিল।

এদিকে, বর্তমানে ডিএসইর লেনদেনে ব্যবহূত ‘টেসা’ প্রযুক্তি আগামী অক্টোবরে মেয়াদোত্তীর্ণ হতে যাচ্ছে। সেটিকে নবায়ন করতে হলে তাতে ১০ থেকে ১৫ কোটি টাকা খরচ হবে। কিন্তু বর্তমান লেনদেন যন্ত্র ব্যবহার করে ডিএসইতে নতুন কোনো উপাদান সংযোজন বা চালু করা দুরূহ। তাই বর্তমান এই পদ্ধতির নবায়ন না করে বাজারের ভবিষ্যৎ বহুমুখী উপাদান (যেমন: ডেরিভিটিভস) চালুর বিষয়টি মাথায় রেখে নতুন ট্রেডিং সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।