ক্রয়-প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জনগণকে ক্রয়-প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারলে দুর্নীতির প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব হবে। পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটির (পিপিএসসি) ষষ্ঠ সভায় বক্তারা এ অভিমত প্রকাশ করেছেন।সভায় অংশগ্রহণকারীরা আরও বলেন, ক্রয়-প্রক্রিয়ায় সরাসরি জনগণের অংশগ্রহণ কঠিন হলেও সংশ্লিষ্ট অংশীদারদের যুক্ত করা যেতে পারে। এ জন্য সভা-সমাবেশসহ সচেতনতামূলক তৎপরতা উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ে নিয়ে গিয়ে জনগণকে ক্রয়-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, ব্র্যাকের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের (আইজিএস) উপদেষ্টা মনজুর হাসান, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথসহ সরকারি কর্মকর্তা-ব্যবসায়ী-বিশেষজ্ঞসহ গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় আইজিএস এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে দুটি আলাদা উপস্থাপনা তুলে ধরা হয়। আইজিএসের গবেষক সিরাজুল ইসলাম তাঁর উপস্থাপনায় বলেন, তথ্য অধিকার আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।অন্য উপস্থাপনাটিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে বেগম মাহমুদা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্রয়-প্রক্রিয়ায় স্থানীয় সরকার সদস্য, কনজ্যুমার অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সংগঠন ও অবসরপ্রাপ্ত অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের যুক্ত করার পক্ষে মত দেন।নাগরিক সমাজকে অন্তর্ভুক্ত করে সরকারি ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থসম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কাজ ও সেবার মান উন্নত করার লক্ষ্যে গত বছরের শুরুতে এ কমিটি গঠন করা হয়। ২৫ সদস্যের এ কমিটিতে শীর্ষ সরকারি কর্মকর্তাসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও বিশেষজ্ঞ সংগঠন, বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।