ক্রয়বিধি পালন থেকে টিসিবিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও ক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরিপালন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী এক বছর অর্থাৎ ২০১২ সালের ২৫ মে পর্যন্ত ২০০৬ সালের গণ খাতে ক্রয় আইন (পিপিএ) এবং ২০০৮ সালের গণ খাতে ক্রয়বিধি (পিপিআর) পুরোপুরি অনুসরণ করতে হবে না টিসিবিকে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবিকে এ অনুমোদন দেওয়া হয়। সংস্থাটি অবশ্য অব্যাহতি চেয়েছিল তিন বছরের জন্য।গত ২৪ মার্চ টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান আহমেদ এ অব্যাহতির আবেদন জানান বাণিজ্য মন্ত্রণালয়ে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য একটি সার-সংক্ষেপ তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, পণ্য সংগ্রহের ক্ষেত্রে ক্রয়বিধি অনুসরণ করতে হবে, এটা ঠিক। কিন্তু অভিজ্ঞতায় দেখা যায়, দরপ্রস্তাব পাওয়া গেলেও উচ্চমূল্যের কারণে তা কেনা সম্ভব হয় না। অন্যদিকে পণ্য ক্রয়ের প্রক্রিয়াও জটিল। ফলে বাজারেও হস্তক্ষেপ করা যায় না। উল্লেখ্য, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এর আগেও এক বছর করে দুবার টিসিবিকে এমন অব্যাহতি দেওয়া হয়েছে। গতকালের অব্যাহতি তৃতীয়বারের মতো। প্রতি বছর এই অব্যাহতি দেওয়া হলেও কোনোবারই সেটিকে কাজে লাগাতে পারে না টিসিবি। ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে টিসিবির কর্মকর্তারা তহবিল সংকটের কথা প্রথম আলোকে জানিয়েছেন। বারবার ধরণা দিয়েও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।আগামী আগস্ট মাসে রমজান শুরু হবে। সে উপলক্ষে টিসিবি বিপুল পরিমাণ চিনি, সয়াবিন তেল, পামতেল, মসুর ডাল এবং ছোলা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।