ক্লার্ক এনার্জির সেবা কেন্দ্রের উদ্বোধন

ঢাকার অদূরে আশুলিয়ায় ক্লার্ক এনার্জির নতুন সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন ও সাংসদ মো. এনামুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন বলেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন-সহায়ক যন্ত্রপাতির সেবার জন্য ক্লার্ক এনার্জি বিনিয়োগ করেছে, যা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কার্যকরী ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশব্যাপী স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহে সাহায্য করবে। যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করার এটি একটি চমৎকার উদাহরণ, যা পরবর্তীতে দেশের উন্নয়নে সহায়ক হবে।
ক্লার্ক এনার্জির চেয়ারম্যান জিম ক্লার্ক বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। আর তা নিশ্চিত করতে শুধু উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোই আবশ্যিক নয়, উচ্চ পর্যায়ের সেবা অবকাঠামো নিশ্চিত করাও আবশ্যিক।
ক্লার্ক এনার্জির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা আবশ্যিক। ২০১৩ সালে ওরিয়েন্ট পাওয়ার সিস্টেমসের বাংলাদেশে কার্যক্রম অধিগ্রহণ করার পর ক্লার্ক এনার্জি সেবা ও বিক্রোয়োত্তর সেবার প্রতি জরুরি বিনিয়োগ করেছে।