ক্লিংকার রপ্তানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব ভিয়েতনামে, দুশ্চিন্তায় দেশের উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার রপ্তানিতে শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয়। গত মাসে এই প্রস্তাব দিয়েছে তারা। ওখানে শুল্ক বাড়ানো হলে ক্লিংকারের দর আরেক দফা বাড়তে পারে—এখন এই শঙ্কা দেশের উদ্যোক্তাদের মনে জাঁকিয়ে বসেছে।

ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ পত্রিকার খবরে বলা হয়েছে, ক্লিংকার রপ্তানিতে এখন ৫ শতাংশ শুল্ক আছে। তা বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপে এই বাড়তি শুল্ক আরোপের কথা বলা হয়।

জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক প্রথম আলোকে বলেন, কাঁচামালের দাম বৃদ্ধি নিয়ে ছয় মাসের বেশি সময় ধরে অস্বস্তিতে আছেন উদ্যোক্তারা। এখন ভিয়েতনাম নতুন করে শুল্ক আরোপ করলে সেই অস্বস্তি আরও বাড়বে। উৎপাদন খরচ বেড়ে যাবে।

গত বছর ভিয়েতনাম সারা বিশ্বে ২ কোটি ৪০ লাখ টন ক্লিংকার রপ্তানি করেছে। বাংলাদেশে ক্লিংকার আমদানির শীর্ষ চারটি উৎসের একটি হলো ভিয়েতনাম। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ভিয়েতনাম থেকে ২৫ লাখ টন ক্লিংকার আমদানি হয়েছে—এই বন্দর দিয়ে মোট ক্লিংকার আমদানির যা ১২ শতাংশ।

গত বছরের শেষ দিক থেকে বিশ্ববাজারে ক্লিংকারের দাম বাড়ছিল। ভিয়েতনামের পত্রিকার খবরে বলা হয়, ভিয়েতনামে এখন প্রতি টন ক্লিংকার রপ্তানি হচ্ছে ৩৮ দশমিক ৫০ ডলারে। এর সঙ্গে যোগ হয়েছে বাড়তি জাহাজ ভাড়া। তাতে সিমেন্ট উৎপাদনের খরচ বেড়ে গেছে। নতুন করে শুল্ক আরোপ করা হলে সিমেন্টের উৎপাদন খরচ বাড়তে পারে।

সিমেন্ট তৈরিতে পাঁচটি কাঁচামাল ব্যবহৃত হয়—ক্লিংকার, চুনাপাথর, জিপসাম, স্ল্যাগ ও ফ্লাই অ্যাশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্লিংকার। সিমেন্ট উৎপাদনে ক্লিংকার ব্যবহৃত হয় ৬৫-৭০ শতাংশ।