ক্ষতি পোষাতে ছুটির দিনে কর্মব্যস্ততা

এমনি সময়ে ছুটির দিনে দেশের প্রধান ব্যবসাকেন্দ্রগুলো থাকে ফাঁকা। পণ্যের বেচাকেনাও হয় কম। থাকে ছুটির আমেজ। কিন্তু টানা অবরোধ-হরতালে চিত্র এখন পুরোই ভিন্ন। ব্যবসা-কেন্দ্রগুলোতে এখন ছুটির দিনেই কর্মব্যস্ততা।
টানা ১৭ দিন হরতাল-অবরোধের পর শুক্র ও শনিবারে সারা দেশের ব্যবসা-বাণিজ্যে একটু কর্মচাঞ্চল্য ফিরে আসে। রোববারের হরতালে আবার তা স্তিমিত হয়ে পড়ে। ফের অবরোধ-হরতালের কর্মসূচি আসতে পারে—এ আশঙ্কায় তাই গতকাল বিজয় দিবসের ছুটির মধ্যেও ব্যবসা-বাণিজ্য চলে পুরোদমে।
দিন শেষে ব্যবসায়ীদের সেই আশঙ্কাই সত্যি হয়, আজ মঙ্গলবার থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮-দলীয় জোট।
দেশের প্রধান দুই পাইকারি বাজার খাতুনগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল পণ্যের বেচাকেনা ভালো ছিল। পণ্যবাহী ট্রাক চট্টগ্রাম বন্দর ও দেশের বিভিন্ন স্থানের স্থলবন্দর থেকে এসব বাজারে আসে এবং দেশের বিভিন্ন স্থানেও পণ্য সরবরাহ হয়।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ প্রথম আলোকে জানান, সাম্প্রতিক সময়ে এমন কর্মব্যস্ততা খাতুনগঞ্জে দেখা যায়নি। তিনি বলেন, আজকে বন্দর ও গুদাম থেকে পণ্যবাহী বিপুলসংখ্যক ট্রাক খাতুনগঞ্জে এসেছে। স্থলবন্দর থেকেও প্রচুর পেঁয়াজবাহী ট্রাক এসেছে।
চট্টগ্রাম বন্দরে গতকাল পণ্য খালাস স্বাভাবিক ছিল। ছুটির দিন হওয়ায় ব্যবসায়ীদের অনেকেই গতকাল তাঁদের পণ্য খালাস করে নিয়েছেন। স্থলবন্দরগুলো থেকেও পণ্যবাহী অসংখ্য ট্রাক দেশের বিভিন্ন স্থানে গেছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চতুর্মুখী সংকট দেখা দিয়েছে। পণ্যের ব্যবহারকারী ও সরবরাহকারীর মধ্যে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে।
আমদানিকারকদের হাতে পণ্য আছে, আবার পণ্যের বিপরীতে চাহিদাও আছে। কিন্তু চলমান সংকটে এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটানো যাচ্ছে না। এর ফলে খুচরা পর্যায়ে পণ্য সংকটে দাম বাড়ছে অন্যদিকে আমদানিকারকদের পণ্য গুদামে বা জাহাজে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এই অবস্থায় বিশেষ ছুটির দিনেও কাজ করতে হয়েছে ব্যবসায়ীদের। তারা চাচ্ছেন, ক্ষতি যেন কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের নিজেরও ব্যবসা রয়েছে খাতুনগঞ্জে। তিনি জানান, রাজনৈতিক সহিংসতার কারণে দেশের প্রধান এই পাইকারি বাজারের ব্যবসা প্রায় ৯০ শতাংশ কমে গেছে। কর্মব্যস্ত খাতুনগঞ্জে এখন অলস সময় কাটছে ব্যবসায়ীদের।
জানা গেছে, সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে ঋণপত্রের পরিমাণ বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকে। কিন্তু এ বছর বাড়তি ঋণপত্র তো দূরে থাক, স্বাভাবিক সময়ের চেয়েও সেটি অনেক কমে গেছে।
হরতাল-অবরোধে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন স্বাভাবিক রাখতে নৌপথ চালু হলেও ব্যবসায়ীদের এখনো গুনতে হচ্ছে বেশি মাশুল। সময়ও লাগছে সড়কপথের চেয়ে বেশি।