বিদ্যমান বিচারব্যবস্থার সঙ্গে বাণিজ্যবিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা যুক্ত হওয়াকে দেশের একটি নতুন যুগের সূচনা বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী একটি হিসাব দিয়ে জানান, বাণিজ্যবিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তির অভাবে বৈশ্বিক বাণিজ্যে ক্ষতির পরিমাণ ৪৮ লাখ কোটি টাকা। বাংলাদেশেও এই ক্ষতি কম নয়, ৩ হাজার ২০০ কোটি টাকা।
সার্ক আরবিট্রেশন কাউন্সিল (সারকো) একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। এখানে স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে দক্ষতার সঙ্গে বাণিজ্যবিষয়ক বিরোধ নিষ্পত্তি করা যায়। আর, বাংলাদেশে ২০১১ থেকে এই নিষ্পত্তির কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন
সেন্টার (বিয়াক)।
গতকাল শনিবার ঢাকা চেম্বার আয়োজিত ‘সার্ক অঞ্চলভুক্ত দেশগুলোতে সারকোর ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদের সঞ্চালনায় চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এম ফিদা কামাল।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। সারকোর মহাপরিচালক (ডিজি) থুশান্তা উইজেমানা এবং পরিচালক মালিক ইমরান আহমেদ প্রবন্ধ দুটি উপস্থাপন করেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল এম ফিদা কামাল তাঁর প্রবন্ধে বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থার মাধ্যমে স্বল্প সময়ের ব্যবধানে উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করা হয়। বাংলাদেশে এই পদ্ধতির কার্যকারিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দেশের মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিয়াক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বাণিজ্যবিষয়ক মামলাগুলো বিচারিক আদালতে সম্পন্ন হতে এত সময় লাগে যে এ জন্য দেশের বেসরকারি খাত নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান ও তফাজ্জল ইসলাম, বিচারপতি আওলাদ আলী, সৈয়দ আমিরুল ইসলাম এবং আরেক সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।
সেমিনারের পর সারকো, বিয়াক ও ঢাকা চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সবশেষে ধন্যবাদ বক্তব্য দেন বিয়াকের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী।