জানুয়ারি থেকে শুরু হওয়া তিন মাসের টানা হরতাল-অবরোধে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
জাপান থেকে আমদানি করা ৫ হাজার ৬৫৫টি গাড়ি শোরুমে অবিক্রীত পড়ে আছে তিন মাস ধরে। অন্যদিকে ৩ জানুয়ারি থেকে গত ২৪ মার্চ পর্যন্ত দেশের দুই সমুদ্রবন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে ৭ হাজার ৮২৮টি গাড়ি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে ৩ হাজার ৩১টি এবং মংলা বন্দরে ৪ হাজার ৭৯৭টি গাড়ি পড়ে আছে।
রাজনৈতিক সহিংসতায় এসব গাড়ি সময়মতো খালাস করা যায়নি। এখন বন্দর কর্তৃপক্ষ এসব গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে।
বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেছেন, ‘ইতিমধ্যে ৬০ শতাংশ গাড়ি নিলামের জন্য তালিকাভুক্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। খাত হিসেবে আমরা সরকারকে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদান করি। কিন্তু আমাদের সঙ্গে এমন আচরণ তামাশা ছাড়া আর কিছুই না।’
চলমান রাজনৈতিক অস্থিরতায় রিকন্ডিশনড গাড়ির ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বারভিডার এই নেতা। বারভিডাই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি এম এ হামিদ শরীফ বলেন, ‘যেকোনো আমদানি পণ্যই বন্দরে পৌঁছার পর ৩০ দিনের মধ্যে যদি খালাস করা না হয়, তাহলে বন্দর কর্তৃপক্ষ তা নিলামে তোলে। আমাদের গাড়ি নিলামে তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন যে অবস্থা চলছে, তাতে আমরা গাড়ি চালিয়ে দুই কিলোমিটারই যেতে পারি না, চট্টগ্রাম কিংবা মংলা বন্দর থেকে তা খালাস কীভাবে করব? এ বিষয়ে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) কাছে আমরা চিঠি দিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। আপৎকালীন সময়ের জন্য এটুকু ছাড় তো আমরা চাইতেই পারি।’ এই নিলাম-প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এনবিআরকে নির্দেশনা দিতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বারভিডা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়েন বারভিডার মাহবুবুল হক চৌধুরী। তিনি জানান, গত তিন মাসে দুই বন্দরে পড়ে থাকা গাড়ির জন্য তাঁদের ডেমারেজ চার্জ গুনতে হচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। স্বাভাবিক সময়ে দুই বন্দর থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০টি গাড়ি খালাস হয়। গড়ে প্রতিদিন তাঁরা শুল্ক দেন ১৬ কোটি টাকা। গাড়ি খালাস না হওয়ায় সরকারের রাজস্ব আটকে গেছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘ব্যাংক চার্জ, বন্দর চার্জ ও নিলাম খাতে সরকারের প্রণোদনা ছাড়া আমাদের এ মুহূর্তে ব্যবসা চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব।’
বারভিডা বলছে, জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায় বিপণন-সহায়ক পরিবেশ বিরাজ করে। কারণ ডিসেম্বরের পর ব্যাংকগুলো বেশি করে গাড়ির ঋণ ছাড় করে। ক্রেতারাও এ সময়ের জন্য অপেক্ষা করেন। ব্যবসায়ীরাও অক্টোবর থেকে গাড়ি আমদানিতে মনোযোগ দেন। এবার জাপানের মুদ্রা ইয়েনের মূল্য এবং দেশে ডলারের দাম নিম্নমুখী হওয়ায় জাপানি গাড়ির দাম ও শুল্কের পরিমাণ কমে যায়। ফলে এবার পরিস্থিতি ক্রেতাদের অনুকূলে ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা সবকিছু ভেস্তে দেয়।
সংবাদ সম্মেলনে বারভিডার নেতারা গত তিন মাসের ব্যাংক ঋণের সুদ মওকুফ ও মেয়াদি ঋণ পরিশোধের সময় বাড়াতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দিতে অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন। আবার দুই বন্দরে গাড়ি আটকে পড়ায় যে ডেমারেজ চার্জ দিতে হচ্ছে, তা সম্পূর্ণ মওকুফের জন্য নৌপরিবহনমন্ত্রীর নির্দেশনাও কামনা করেন।
বারভিডা জানায়, ২০২১ সালকে ঘিরে সরকার যে রূপকল্প নিয়েছে, তেমন একটি উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা তারাও ঠিক করেছে। তা হলো ২০২১ সালে বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে কম পরিবেশ দূষণকারী ব্যক্তিগত মোটর গাড়ির দেশ।