ক্ষতিকর বিদেশি সাহায্য প্রত্যাখ্যানের দাবি
ক্ষতিকর ও ধ্বংসযজ্ঞের বৈদেশিক সাহায্য প্রত্যাখ্যান করে জাতীয় উন্নয়নের জন্য জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। দুই দিনব্যাপী (১৫-১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) বৈঠককে সামনে রেখে গবেষণা সংগঠন ভয়েস এবং নাগরিক সংগঠনের জোট ‘এইড অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভয়েসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে ভয়েসের নির্বাহী পরিচালক আহমদ স্বপন মাহমুদ দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) সমালোচনা করে বলেন, ‘বিশ্বব্যাংক-আইএমএফ ও কথিত উন্নয়ন-সহযোগীদের চাপিয়ে দেওয়া পিআরএসপি দারিদ্র্য কমাতে পারেনি, বরং তা ৪০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ শতাংশে।’এতে আরও বলা হয়, এবারের বৈঠকে দ্বিতীয় পিআরএসপি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ওপর আলোকপাত করা হবে। অথচ এ জন্য বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি থেকে ঋণ নেওয়া হবে, যা উন্নয়নের পরিবর্তে দেশকে আরও ঋণগ্রস্ত করবে। তিনি বলেন, ১৯৯১ সালে বাংলাদেশ বিদেশ থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছে, তা মোট জিডিপির মাত্র ৫ দশমিক ৯ শতাংশ। ২০০৩ সালে তা এসে দাঁড়ায় ২ দশমিক ৮ শতাংশে, আর বর্তমানে তা ২ দশমিক ৩ শতাংশ। অথচ সত্তর দশকে যেখানে মাথাপিছু ঋণ ছিল ৬৭ টাকা, সেখানে বর্তমানে মাথাপিছু ঋণের বোঝা ১১ হাজার টাকারও বেশি। অন্যদিকে ২০০২ সালে যেখানে ঋণসুদের পরিমাণ ছিল ১০ শতাংশেরও কম, সেখানে ২০০৬-০৭ অর্থবছরে হয়েছে ১৬ শতাংশ এবং ২০০৯-১০ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন এইড অ্যাকাউন্টেবিলিটি গ্রুপের সমন্বয়ক ফারজানা আক্তার। তিনি বলেন, ‘কঠিন শর্তে ঋণগ্রহণ করে সেই অর্থে-শর্তে পরিচালিত প্রকল্প দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এসব ঋণসাহায্য ঋণদাতা সংস্থা ও তাদের করপোরেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ঋণ মঞ্জুরির বিপরীতে ৫০ থেকে ২০০টি শর্ত আরোপ করে। বিশ্বব্যাংকের ঋণসাহায্য প্রক্রিয়ার অন্যতম অংশ হচ্ছে বেসরকারীকরণের শর্ত। লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশ্বব্যাংকের শর্তের মধ্যে ২০ ভাগ নীতি শর্ত, ১১ ভাগ রাষ্ট্রীয় সেবা খাত বেসরকারীকরণসংক্রান্ত শর্ত। দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি সুবিধার (পিআরজিএফ) আইএমএফের ঋণ ছাড়ের আওতায় ৫৩টি শর্ত মেনে চলতে হয়। ব্যাংক খাত বেসরকারীকরণ তার মধ্যে অন্যতম। একইভাবে এডিবির ঋণসাহায্যের শর্তের কথা উল্লেখ করে বলা হয়, ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের সঙ্গে এডিবির যেসব ঋণচুক্তি হয়েছে, এর মধ্যে ৩৯ শতাংশ কঠিন শর্ত ও উচ্চ সুদের ঋণ। দাতারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো প্রতিশ্রুত ঋণসাহায্য ছাড় করে বলেও অভিযোগ করেন ফারজানা আক্তার।। সংগীতশিল্পী অরূপ রাহী ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী সব বৈদেশিক ঋণ প্রত্যাখ্যান করে জাতীয় উন্নয়ন নীতিমালায় জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। সুপ্রর মানববন্ধন: এদিকে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) গতকাল ঢাকার শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সম্মুখে এক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন সমমনা সংগঠন ও সুপ্র ঢাকা ক্যাম্পেইন গ্রুপের প্রায় অর্ধশত প্রতিনিধি অংশ নেন। এতে দাতাগোষ্ঠীর অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে দেশের উন্নয়ন পরিকল্পনায় সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানান হয়। মানববন্ধনে সুপ্রর সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম, এসবিএসের নির্বাহী পরিচালক ফেরদৌস আহমেদ, সুপ্রর পক্ষ থেকে মৌসুমী বিশ্বাস, ইকবাল উদ্দীন ও কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রর সহকারী সমন্বয়কারী আলীম-আল-রাজী।