ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯০০ কোটি টাকা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে একটি তহবিলে ৯০০ কোটি টাকা দেবে সরকার। এ অর্থ শুধু বর্তমান সরকারের আমলে পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবহূত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত সোমবার চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি নীতিমালা জারি করেছে একই মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তিন বছর মেয়াদি এই তহবিলে ৩০০ কোটি করে মোট ৯০০ কোটি টাকা ছাড় করবে অর্থ বিভাগ। নীতিমালা অনুযায়ী তহবিলের মেয়াদ কার্যকর থাকবে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
যোগাযোগ করলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের অনেক ইতিবাচক পদক্ষেপের মধ্যে পুঁজিবাজারের জন্য এটি অন্যতম। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি।
নীতিমালা অনুযায়ী, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় হবে না। তহবিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ঋণ পুনঃতফসিলীকরণ অথবা নতুন ঋণ বিতরণ অথবা উভয় উদ্দেশে দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলোকে ঋণ হিসেবে এ অর্থ দেবে আইসিবি।
নীতিমালার আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস থেকে ঋণ পাবেন। এই ঋণ আইসিবি থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলো পাবে ৭ শতাংশ সুদে। আর সরকার আইসিবিকে তা দিচ্ছে ৫ শতাংশ সরল সুদে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলোর সঙ্গে মেয়াদি ঋণ চুক্তি করবে আইসিবি।
নীতিমালায় বলা হয়েছে, তহবিলটির সামগ্রিক দেখভালের জন্য বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং আইসিবির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। সে অনুযায়ী গঠিত হবে একটি ‘তদারক কমিটি’। এই কমিটির ছাড়পত্রের ভিত্তিতেই অর্থ স্থানান্তরিত হবে।
নীতিমালায় বলা হয়েছে, ঋণ মঞ্জুরির জন্য আইসিবি একটি কমিটি গঠন করবে। এই ঋণ মঞ্জুরি কমিটি ‘তদারক কমিটি’র সঙ্গে আলোচনা করে ঋণ দেওয়ার একটি তারিখ নির্ধারণ করবে। ঋণের জামানত হিসাবে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলো আইসিবিকে করপোরেট গ্যারান্টি দেবে। ঋণ ফেরত দিতে ব্যর্থ হলে বিএসইসি এদের জরিমানাসহ নিবন্ধন সনদও বাতিল করে দিতে পারবে।’