সরকার-ঘোষিত বিশেষ প্রণোদনার আওতায় পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের মওকুফ করা সুদকে এখন থেকে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের অনুমোদনযোগ্য ব্যয় হিেসবে গণ্য করা হবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজার বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু প্রণোদনা দিতে সরকার মার্চেন্ট ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ মওকুফ করার ঘোষণা দেয়। এটি করা হয়, ২০১০ সালে শেয়ারবাজারে ধসের পর পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায়। তাতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের ঘোষণা দেওয়া হয়। সেই প্রণোদনা বাস্তবায়নে সরকার ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে, যার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া আইসিবিকে।
এনবিআরের এই সিদ্ধান্তের কথা এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা হয়েছে। এর ফলে কোনো মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস যে পরিমাণ সুদ মওকুফ করবে সে পরিমাণ অর্থের বিপরীতে অতিরিক্ত কর প্রদান করতে হবে না।
জানতে চাইলে বিএমবিএর সহসভাপতি আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ‘মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো যে পরিমাণ সুদ মওকুফ করবে চূড়ান্তভাবে সেই অর্থের ওপর বাড়তি কর দিতে হবে না। এত দিন একবার আয়ের ওপর কর দিতে হতো, পরে সেই আয় থেকে সুদ মওকুফ করা হলে সেটিকে ব্যয় হিসেবে বিবেচনায় ধরা হতো না। ফলে ওই ব্যয়ের জন্য বাড়তি কর দিতে হতো।’
আকতার হোসেন সান্নামাত আরও বলেন, এত দিন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিশেষ প্রণোদনা বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি বাধা ছিল। এখন সেই বাধা দূর হওয়ায় প্রতিষ্ঠানগুলো প্রণোদনা বাস্তবায়নে এগিয়ে আসবে। যার সুফল পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, এনবিআরের এ সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা হয়তো সরাসরি লাভবান হবেন না। তবে এর ফলে সুদ মওকুফে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগ্রহ বাড়বে।
এনবিআরের চিঠিতে বলা হয়, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে ও ক্ষতিগ্রস্ত বিনিয়াগকারীদের স্বার্থে সরকার-ঘোষিত বিশেষ স্কিমের আওতায় ২৮টি মার্চেন্ট ব্যাংক এবং ২৮০টি স্টক ব্রোকারের মওকুফ করা সুদ বিদ্যমান আয়কর আইনে অনুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচনা করা হবে।
জানা গেছে, প্রণোদনা বাস্তবায়নে সরকার গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ১০ হাজার ৫৬৮ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর বিপরীতে ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবি এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।